রুপার গয়নার আবেদন চিরন্তন। শাড়ি থেকে শুরু করে সালোয়ার কামিজ, যেকোনো পোশাকের সঙ্গেই মানিয়ে যায় ছোট-বড় সব ধরনের রুপার গয়না। আর সোনার আকাশছোঁয়া দামের কারণে রুপার গয়নার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।
তবে রুপার গয়না দেখতে যতই সুন্দর হোক না কেন, কিছুদিন ব্যবহার করার পর বা ফেলে রাখলে তা খুব দ্রুত কালো হয়ে যায়। এই কালো দাগ দূর করে গয়নাকে আগের মতো ঝকঝকে করতে অনেকেই ছুট দেন জুয়েলার্সের দোকানে।
কিন্তু জানেন কি, মাত্র চারটি সহজ ঘরোয়া উপায়েই আপনি আপনার পুরনো কালো হয়ে যাওয়া রুপার গয়নাকে নতুনের মতো চকচকে করে তুলতে পারেন? তাও আবার কয়েক মিনিটের মধ্যেই! জেনে নিন সেই সহজ পদ্ধতিগুলো:
১. বেকিং সোডা ও অ্যালুমিনিয়াম ফয়েল:
প্রথমে একটি কাঁচের পাত্রের ভেতরের দিকে অ্যালুমিনিয়াম ফয়েল ভালো করে লাগিয়ে নিন।
এরপর কালো হয়ে যাওয়া রুপার গয়নাগুলো পাত্রের মধ্যে রাখুন।
গরম জলে দুই চামচ বেকিং সোডা খুব ভালোভাবে মিশিয়ে নিন।
এই গরম জল গয়নার উপর ঢেলে দিন এবং ২ মিনিট অপেক্ষা করুন।
তারপর পাত্র থেকে গয়নাগুলো তুলে জল ঝরিয়ে একটি শুকনো কাপড়ে ভালো করে মুছে নিন।
দেখবেন আপনার রুপার গয়না আগের মতোই ঝকঝকে হয়ে উঠেছে।
২. টুথপেস্টের ব্যবহার:
একটি নরম সুতির কাপড় বা পুরনো টুথব্রাশের সামান্য টুথপেস্ট নিন।
কালচে দাগ পড়া রুপার গয়নার উপর টুথপেস্ট লাগিয়ে প্রায় ১৫ মিনিট রেখে দিন।
এরপর আলতো হাতে ঘষে গয়না ধুয়ে ফেলুন।
দেখবেন আপনার রুপার গয়না আগের মতো চকচক করছে।
৩. চুলের কন্ডিশনার:
চুলের কন্ডিশনারও রুপার গয়না পরিষ্কার করতে দারুণ কাজ করে।
কালো হয়ে যাওয়া গয়নার উপর সামান্য কন্ডিশনার ঘষে নিন।
প্রায় ১০ মিনিট এভাবে রেখে দিন।
তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। আপনার রুপার গয়না আবার ঝলমল করবে।
৪. আপেল সিডার ভিনেগার ও বেকিং সোডা:
একটি পাত্রে সামান্য আপেল সিডার ভিনেগারের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন।
কালো হয়ে যাওয়া রুপার গয়নাগুলো এই মিশ্রণে ভিজিয়ে রাখুন।
প্রায় ৫ মিনিট পর গয়নাগুলো তুলে একটি নরম ব্রাশ দিয়ে আলতো করে পরিষ্কার করুন।
এরপর জল দিয়ে ধুয়ে শুকনো করে মুছে নিলেই দেখবেন আপনার রুপা আবার আগের উজ্জ্বলতা ফিরে পেয়েছে।
এই সহজ চারটি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আপনি খুব সহজেই আপনার পুরনো ও কালো হয়ে যাওয়া রুপার গয়নাকে নতুনের মতো ঝকঝকে করে তুলতে পারবেন। তাই আর দেরি না করে আজই চেষ্টা করে দেখুন!