বর্তমানে অনলাইন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কাজের পাশাপাশি অনেকেই চ্যাটিং বা সামাজিক মাধ্যমে খোশগল্পে মেতে থাকেন। প্রযুক্তি যেমন ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনই কিছু অসাধু ব্যক্তির জন্য এটি প্রতারণার হাতিয়ারও হয়ে উঠেছে।
অনেক নারী-পুরুষই সম্পর্কে থাকা সত্ত্বেও গোপনে অন্য কারও সঙ্গে অনলাইনে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছেন। সঙ্গীর অগোচরেই তারা চালিয়ে যান এই ধরনের অপকর্ম। আপনার স্বামী বা স্ত্রীর প্রতি যদি অনলাইনে প্রতারণার সন্দেহ জাগে, তাহলে এই কয়েকটি লক্ষণ মিলিয়ে দেখতে পারেন। হয়তো এর মাধ্যমেই আপনি বুঝতে পারবেন সত্যিই তিনি অনলাইনে প্রতারণা করছেন কি না:
১. সব সময় ফোনে নজর রাখা:
এটি অনলাইন প্রতারণার অন্যতম প্রাথমিক লক্ষণ। যদি আপনি লক্ষ্য করেন আপনার স্বামী বা স্ত্রী সর্বদা অনলাইনে থাকেন এবং তাদের ফোনের প্রতি অতিরিক্ত মনোযোগ থাকে, তাহলে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। তবে এর পেছনে কোনো জরুরি কাজও থাকতে পারে। তাই সরাসরি অভিযোগ না করে সঙ্গীর কাছে এর কারণ জানার চেষ্টা করুন।
২. ফোন সব জায়গায় নিয়ে যাওয়া:
আপনার সঙ্গী কি ঘরে থাকাকালীনও রান্নাঘর, বাথরুম কিংবা অন্যান্য স্থানে যাওয়ার সময়ও ফোন সঙ্গে নিয়ে যান? এমন আচরণ সন্দেহজনক হতে পারে। সম্ভবত তিনি আপনার ভয়ে ফোনটি চোখের আড়াল করতে চাইছেন না, কারণ সেখানে এমন কিছু থাকতে পারে যা তিনি লুকাতে চান। তবে অনেক সময় গুরুত্বপূর্ণ ফোন কল বা কাজের কারণেও অনেকে ফোন সব জায়গায় নিয়ে যেতে পারেন।
৩. ফোন পাসওয়ার্ড সুরক্ষিত:
বর্তমানে প্রায় সকলের স্মার্টফোনই পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকে। যদিও বেশিরভাগ দম্পতি একে অপরের ফোনের পাসওয়ার্ড জানেন। তবে যদি হঠাৎ করেই বা শুরু থেকেই আপনার সঙ্গী তার ফোনের পাসওয়ার্ড আপনাকে জানাতে অস্বীকার করেন, তাহলে এটি একটি উদ্বেগের কারণ হতে পারে। এই লক্ষণ আপনার সঙ্গীর অনলাইনে প্রতারণার ইঙ্গিত দিতে পারে।
৪. ফোনের দিকে তাকিয়ে হাসা:
অনলাইনে বিভিন্ন মজার ভিডিও, জোকস বা বিজ্ঞাপন দেখে আমরা কমবেশি সকলেই হাসি। তবে যদি হঠাৎ করেই ফোন হাতে নিয়ে সেদিকে মগ্ন হয়ে তাকিয়ে আপনার সঙ্গী মুচকি হাসেন বা চাপা আনন্দ প্রকাশ করেন, তাহলে সতর্ক হোন। এর পেছনে অন্যান্য স্বাভাবিক কারণও থাকতে পারে, তবে অনলাইনে অন্য কারও সঙ্গে চ্যাটিংয়ের সময়ও এমন হাসি দেখা যেতে পারে।
৫. একটি নির্দিষ্ট নাম বারবার ভেসে ওঠা:
বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যালগরিদমের কারণে যার সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ করা হয়, সেই নামটিই প্রথমে দেখা যায়। যদি আপনার সঙ্গীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনার অ্যাক্সেস থাকে, তাহলে এই বিষয়টি লক্ষ্য করুন। যদি একটি নির্দিষ্ট নাম বারবার ভেসে ওঠে এবং তাদের মধ্যে অস্বাভাবিক কথোপকথন চোখে পড়ে, তাহলে আপনার সন্দেহ আরও জোরালো হতে পারে।
তবে অবশ্যই এই লক্ষণগুলো দেখলেই সরাসরি আপনার সঙ্গীকে প্রতারক হিসেবে ধরে নেবেন না। চূড়ান্ত সিদ্ধান্তে আসার আগে ভালোভাবে পর্যবেক্ষণ করুন এবং তাদের সঙ্গে খোলাখুলি কথা বলুন। পারস্পরিক বিশ্বাস এবং স্বচ্ছতাই একটি সুস্থ সম্পর্কের ভিত্তি।