ধারণটা অনেকটা পালটে গিয়েছিল ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র নয়না তলওয়ারকে দেখে। দেখতে সুন্দর একটা মেয়ে। পড়াশোনায় বেজায় ভাল। কিন্তু নাকে একটা চশমা! অবশ্য তাতে নয়না থুড়ি দীপিকার গ্ল্যামার কমেনি। কাজেই এই কম্পিউটার-স্মার্টফোন আক্রান্ত দুনিয়ায় চশমার জন্য এখন আর চল্লিশের চালশের জন্য অপেক্ষা করতে হয় না। কিন্তু নাকে চশমা মানেই স্টাইল শেষ? এরকম ধারণা থাকলে তাড়াতাড়ি ধারণাটা বদলাও! কারণ স্টাইলিশ হওয়ার পথে এখন চশমা ব্যাপারটা কাঁটা নয়। বরং বেশিক্ষণ লেন্স পরে থাকাটা চোখের পক্ষে একেবারেই ভাল নয়, বলছেন চক্ষুবিশেজ্ঞরা। তা হলে নিজের স্টাইল স্টেটমেন্টের সঙ্গে চশমাকে কীভাবে বেছে নেবে?
প্রথমেই বলে রাখি একটা চশমা অন্তত বানিয়ে রাখো, যেটা কম্পিউটার রে প্রোটেক্ট করে। যখন দীর্ঘক্ষণ কাজ করবে, তখন ওই চশমাটা ব্যবহার করাই ভাল। তাই স্টেডি চশমার লেন্সটি খুব কম দামের না হওয়াই বাঞ্ছনীয়। যেহেতু একটা চশমাই এইরকম রেগুলার ওয়্যার হিসেবে ব্যবহার করবে, তখন সেক্ষেত্রে সেটা কালো বা ডার্ক কোনও কালার হওয়াই ভাল। ফুল রিম চশমা চলতে পারে। ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তবে অনেকে রিমলেসেও সমান স্বচ্ছন্দ থাকো। সেক্ষেত্রে রিমলেসেরও ব্যবহার চলতে পারে। একাধিক পোশাকের সঙ্গে সেটা মানিয়ে যাবে।
এবার আসি নানা ধরনের চশমার প্রসঙ্গে। এখন বাজারে খুব চলছে ক্যাটস আই, ওয়েফেরার, হাফ রিম, রাউন্ড ফ্রেম। তোমার মুখ যদি খুব ভারী হয়, তা হলে হাফ রিম বা ওয়েফেরার লেন্সই তোমার জন্য উপযুক্ত। আর ক্যাটস আই বা রাউন্ড ফ্রেম বেশি ভাল লাগে অপেক্ষাকৃত কম ভারি মুখে।
সামনেই বিয়েবাড়ি বা পার্টি সিজ়ন। পোশাকে সাজলে সুন্দর ডিজ়াইনার শাড়িতে, অথচ নাকে চশমা। এটা অনেকেরই মনপসন্দ হয় না ঠিকই। তবে যারা লেন্সও ব্যবহার করো না, তাদের তো এই সব অনুষ্ঠানেও চশমা পরতেই হবে। তাই আগেভাগেই একটু অর্ডিনারি দামের দুটো চশমা গ়ড়িয়ে রাখতে পার। একটা গোল্ডেন ফ্রেম বা আর একটা সিলভার বেসড। ফ্রেমশেপ মুখ অনুযায়ী হবে। তবে লেন্স বা ফ্রেম দুটোই বেশি দামের হবে না। এই লেন্সেও কম্পিউটার রে প্রোটেকশনের কোনও প্রয়োজনীয়তা নেই। কারণ, এই জাতীয় অনুষ্ঠানে গিয়ে তো আর সেই ধরনের চোখের কাজ করতে হয় না।
আবার অনেকে পার্টিতে বা বিয়েবা়ড়িতে ওয়েস্টার্ন আউটফিটে যায়। সেখানে তো সিলভার বা গোল্ডেন ফ্রেমের কোনও প্রয়োজনই নেই। সেখানে একটা ওয়েফেরার বা ক্যাটস আই হলেই সমস্যা মিটে যাবে। ফ্রেম ডিজ়াইনটা একটু ট্রেন্ডি হতে হবে। সেক্ষেত্রেও ফ্রেমের রংটা কালো হলে বেশি ভাল হয়।
আর যারা দু’রকমের আউট ফিটই করো, তারা কি তবে একগাদা চশমা বানাবে? না না, তারা রেগুলার চশমাটি ছাড়া দুটো চশমা বানাতে পারো— একটি গোল্ডেন চশমা অথবা একটি ট্রেন্ডি ব্ল্যাক ফ্রেমের চশমা। বাজেট থাকবে তোমার নিয়ন্ত্রণেই।





