১০,০০০mAh ব্যাটারি আর ৭ ইঞ্চি ডিসপ্লে! বাজারে ঝড় তুলতে আসছে রেডমি-র নতুন দানবীয় ফোন!

বাজারে পরবর্তী প্রজন্মের স্মার্টফোন নিয়ে জল্পনা তুঙ্গে। চলতি বছরের জানুয়ারিতে চীনে রেডমি টার্বো ৫ সিরিজ লঞ্চ হওয়ার পর এবার সংস্থার পরবর্তী টার্বো সিরিজ নিয়ে টেক মহলে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেছে আসন্ন রেডমি টার্বো ৬ ম্যাক্স (Redmi Turbo 6 Max) ফোনের বেশ কিছু আকর্ষনীয় ফিচার। ব্যাটারি থেকে শুরু করে ডিসপ্লে—সব দিক থেকেই এটি চমক সৃষ্টি করতে চলেছে।

ফাঁস হওয়া তথ্য সত্যি হলে, যেসব ব্যবহারকারী সারাদিন ব্যাকআপ নিয়ে চিন্তায় থাকেন বা বড় ব্যাটারির ফোন পছন্দ করেন, তাদের জন্য এটি একটি দারুণ বিকল্প হতে পারে। তবে রেডমির পক্ষ থেকে এখনও ফোনটির ফিচার বা আনুষ্ঠানিক লঞ্চের তারিখ সম্পর্কে কোনো ঘোষণা দেওয়া হয়নি। আপাতত টেক বিশেষজ্ঞদের ফাঁস করা তথ্যের ওপর ভিত্তি করেই জল্পনা চলছে।

শক্তিশালী ডাইমেনসিটি ৯৫০০এস চিপসেট

প্রখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্য অনুযায়ী, রেডমি টার্বো ৬ ম্যাক্স ফোনটিতে প্রসেসর হিসেবে থাকতে পারে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০এস চিপসেট। এই প্রসেসরটি ফোনটিকে অত্যন্ত দ্রুত ও স্মুথ পারফরম্যান্স দিতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে হেভি গেমিং—সবক্ষেত্রেই এটি দারুণ অভিজ্ঞতা দিতে পারে।

বড় ৭ ইঞ্চি ডিসপ্লে ও নজরকাড়া স্ক্রিন

ডিসপ্লের ক্ষেত্রেও বড় চমক থাকছে। গুঞ্জন রয়েছে, এই ফোনে প্রায় ৭ ইঞ্চি মাপের একটি বিশাল স্ক্রিন দেওয়া হতে পারে। এক টিপস্টার ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে ৬.৯ ইঞ্চির পরিবর্তে সরাসরি ৭ ইঞ্চি ডিসপ্লের ইঙ্গিত দিয়েছেন। এর পাশাপাশি, ফোনটিতে থাকতে পারে ২কে রেজোলিউশনযুক্ত একটি ফ্ল্যাট ওএলইডি প্যানেল। ফলে ভিডিও দেখা, সিনেমা উপভোগ বা গেমিং করার সময় ব্যবহারকারীরা এক অসাধারণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাবেন।

১০,০০০mAh-এর বেশি মেগা ব্যাটারি এবং ফাস্ট চার্জিং

এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট হতে পারে এর সুবিশাল ব্যাটারি। লিক হওয়া তথ্য অনুযায়ী, রেডমি টার্বো ৬ ম্যাক্স-এ ১০,০০০mAh-এর চেয়েও বেশি ক্ষমতার ব্যাটারি দেওয়া হতে পারে। এই বিশাল ব্যাটারির ফলে বারবার ফোন চার্জ দেওয়ার ঝামেলা অনেকটাই কমবে।

পাশাপাশি চার্জিংয়ের গতি নিয়েও সুখবর রয়েছে। বিভিন্ন প্রতিবেদন বলছে, ফোনটিতে ১০০ ওয়াট বা তার বেশি ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকতে পারে। তবে ব্যাটারির সঠিক ধারণক্ষমতা এবং চার্জিং স্পিড সম্পর্কে কোম্পানির আনুষ্ঠানিক অনুমোদনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি ও অন্যান্য ফিচার

পারফরম্যান্স এবং ব্যাটারির পাশাপাশি ফোনটির নির্মাণশৈলীতেও প্রিমিয়াম ছোঁয়া থাকতে পারে। ফাঁস হওয়া প্রতিবেদন অনুযায়ী, ফোনটিতে একটি ধাতব মিডল ফ্রেম বা মেটাল মিডল ফ্রেম ব্যবহার করা হতে পারে। এছাড়া ফোনটি জল ও ধুলোবালি থেকে সুরক্ষার জন্য IP68 এবং IP69 রেটিং প্রাপ্ত হতে পারে। নিরাপত্তার জন্য এতে থাকতে পারে আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

চীনে লঞ্চের পর এই ফোনটি ভারতে জনপ্রিয় পোকো (Poco) ব্র্যান্ডের অধীনে লঞ্চ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে, লঞ্চের আগেই এই ফোনটি নিয়ে গ্যাজেটপ্রেমীদের মধ্যে কৌতূহল তুঙ্গে।