আপনার কেনা নতুন স্মার্টফোনে কি আগে থেকেই ইনস্টল করা থাকবে সরকারি অ্যাপ? টেলিকম মন্ত্রকের সাম্প্রতিক এক নির্দেশিকা ঘিরে এখন তোলপাড় প্রযুক্তি দুনিয়া। কেন্দ্র জানিয়েছে, এবার থেকে প্রতিটি মোবাইল প্রস্তুতকারী সংস্থাকে তাদের হ্যান্ডসেটে ‘সঞ্চার সাথী’ এবং আধার (mAdhaar) অ্যাপ আগে থেকেই লোড করে রাখতে হবে। কিন্তু সরকারের এই নির্দেশে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছে বিশ্বখ্যাত দুই সংস্থা অ্যাপেল (Apple) এবং স্যামসাং (Samsung)। অসন্তোষ প্রকাশ করেছে টেক জায়ান্ট গুগলও (Google)।
কেন এই সংঘাত? রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারি মাসে ভারত সরকার স্মার্টফোন নির্মাতাদের কাছে এই প্রস্তাব পাঠিয়েছিল। ইউআইডিএআই (UIDAI)-এর পক্ষ থেকে আসা এই প্রস্তাবে বলা হয়েছিল, ক্যালকুলেটর বা ঘড়ির মতো আধার অ্যাপটিও ফোনের সিস্টেমের অংশ হিসেবে থাকতে হবে। কিন্তু ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ফর ইনফরমেশন টেকনোলজি (MAIT) এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। তাদের দাবি, শুধুমাত্র ভারতের জন্য আলাদা প্রোডাকশন লাইন তৈরি করা সরবরাহ ব্যবস্থায় বড় সমস্যা তৈরি করবে।
নিরাপত্তা বনাম নজরদারি বিতর্ক অ্যাপেল ও স্যামসাং-এর মূল উদ্বেগ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে। এর আগেও একাধিকবার আধারের তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। কোম্পানিগুলোর আশঙ্কা, সিস্টেম লেভেলে এই অ্যাপগুলো থাকলে ব্যবহারকারীর তথ্যে অনধিকার প্রবেশ ঘটতে পারে। অন্যদিকে, বিরোধীরাও সরব হয়েছে এই ইস্যুতে। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল অভিযোগ করেছেন, “ফোনে আগে থেকে ইনস্টল করা সরকারি অ্যাপ আসলে নজরদারির হাতিয়ার। এটি আনইনস্টল করার সুযোগ না থাকা মানেই নাগরিকের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ।”
সরকারের পাল্টা যুক্তি কেন্দ্রের দাবি, নাগরিকদের সুবিধার্থেই এই পদক্ষেপ। আগে থেকে ইনস্টল করা থাকলে সাধারণ মানুষকে আলাদা করে অ্যাপ ডাউনলোড করতে হবে না এবং ডিজিটাল পরিষেবার সহজলভ্যতা বাড়বে। আধার এখন ব্যাংকিং থেকে টেলিকম—সব ক্ষেত্রেই অপরিহার্য, তাই এই সংযুক্তিকরণ জরুরি বলেই মনে করছে মোদী সরকার।
টেক জায়ান্টদের এই আপত্তির পর কেন্দ্র শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় থাকে নাকি সুর নরম করে, সেটাই এখন দেখার।