মদিনায় ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ, বাসে আগুন! ওমরাহ সেরে ফেরার পথে ৪২ ভারতীয়-সহ একই পরিবারের ১৮ জনের মৃত্যু

সৌদি আরবের মদিনার কাছে উমরাহ যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। একাধিক সূত্রে খবর, নিহতদের মধ্যে ৪২ জনই ভারতীয় নাগরিক। এই মর্মান্তিক দুর্ঘটনায় একটি পরিবারের তিন প্রজন্মের ১৮ জনের প্রাণহানি ঘটেছে, যাঁদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে। পরিবারটি ওমরাহ হজ শেষে শনিবার বাড়ি ফেরার কথা ছিল।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মৃতদের বেশিরভাগই তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে গিয়েছিলেন। পরিবারটির আত্মীয় মহম্মদ আসিফ শোকাহত কণ্ঠে জানান, “আমার শ্যালক, ভগ্নিপতি, তাঁদের ছেলে, তিন মেয়ে এবং তাদের সন্তানরা গিয়েছিল। ওমরাহ সম্পন্ন হয়েছে, ওরা মদিনায় ফিরছিল।”

সংঘর্ষের পর বাসে আগুন, ঘুমন্ত যাত্রীদের পালানোর সুযোগ ছিল না

জানা গিয়েছে, মুফরিহাটের কাছে মক্কা থেকে মদিনার পথে ভারতীয় সময় রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গাল্ফ নিউজের প্রতিবেদন অনুসারে, সংঘর্ষের পর বাসটিতে দ্রুত আগুন ধরে যায়। ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় প্রায় সব যাত্রীই ঘুমিয়ে ছিলেন, ফলে তাঁরা পালানোর সুযোগ পাননি। উদ্ধারকারী দল জানিয়েছে, বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় নিহতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসে ৪৬ জন ছিলেন, যাঁদের মধ্যে মাত্র একজন বেঁচে গিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদি-জয়শঙ্করের শোক প্রকাশ, হেল্পলাইন চালু

এই মর্মান্তিক ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদি ‘এক্স’ বার্তায় জানিয়েছেন, “মদিনায় দুর্ঘটনা ও ভারতীয় নাগরিকদের মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। আমার সমবেদনা রইল প্রিয়জন হারানো পরিবারগুলির সঙ্গে। রিয়াদে আমাদের দূতাবাস এবং জেড্ডায় কনস্যুলেট সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে।”

তেলেঙ্গানা সরকার দ্রুত রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে এবং হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি কেন্দ্রীয় সরকারের কাছে মৃতদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনা এবং আহতদের চিকিৎসার অনুরোধ জানিয়েছেন। তেলেঙ্গানা সরকার এবং জেড্ডায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে হতাহতদের পরিবারকে সহায়তার জন্য নিম্নলিখিত কন্ট্রোল রুম নম্বরগুলো খোলা হয়েছে:

কর্তৃপক্ষ কন্ট্রোল রুম নম্বর
তেলেঙ্গানা সরকার +৯১ ৭৯৯৭৯৫৯৭৫৪, +৯১ ৯৯১২৯১৯৫৪৫
জেড্ডায় ভারতীয় দূতাবাস ৮০০২৪৪০০০৩ (টোল-ফ্রি)

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy