মতুয়াদের আমরণ অনশন ১১ দিনে! নিষ্ক্রিয় কেন তৃণমূল নেতৃত্ব? রানি রাসমণি রোডে বিশাল অবস্থান বিক্ষোভের ডাক

‘সার’ (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার বিরোধিতা এবং মতুয়া ও নমঃশূদ্রদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে ঠাকুর বাড়িতে তৃণমূল ঘনিষ্ঠ মতুয়া, গোঁসাই ও দলপতিদের আমরণ অনশন শনিবার ১১ দিনে পড়ল। এই আন্দোলনকে আরও জোরদার করতে আগামী ২৮ ডিসেম্বর কলকাতার রানি রাসমণি রোডে একদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিল তৃণমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ।

এ দিন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার পাশাপাশি দিল্লিতেও অবস্থান বিক্ষোভ করা যায় কি না, তারও ভাবনা–চিন্তা চলছে বলে সূত্রের খবর।

অনশন মঞ্চে এলেন তৃণমূলের প্রতিনিধি দল?

মতুয়াদের দাবি আদায়ে ঠাকুর বাড়িতে একটানা অনশন চললেও এখনও পর্যন্ত তৃণমূলের কোনও বড় নেতাকে সেখানে যেতে দেখা যায়নি, যা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছিল। তবে মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর জানিয়েছেন, আজ রবিবার তৃণমূলের এক প্রতিনিধি দল মতুয়াদের অনশন মঞ্চে আসবেন। তাঁর দাবি, দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এ দিন তাঁকে ফোন করে অনশনকারীদের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন।

এ দিন অনশন মঞ্চে মতুয়া চিকিৎসক সেলের ১৫ জন সদস্য আসেন। তাঁদের মধ্যে ঋতুপর্ণা কয়াল এবং রৌনক হাজারি নামে দুই চিকিৎসক অনশনে যোগ দিয়েছেন। মতুয়াদের এই আন্দোলনকে সমর্থন জানাতে ঠাকুর বাড়িতে ঘুরে গিয়েছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীও অনশন মঞ্চে এসে তাঁর সমর্থন জানিয়েছেন। যদিও তিনি এটিকে তাঁর ‘ব্যক্তিগত সফর’ বলে দাবি করেছেন, যার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।

এ দিন মতুয়াদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকের পরে মমতাবালা ঠাকুর বলেন, ‘দুপুরে আমার সঙ্গে ফোনে কথা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি অনশনে অংশগ্রহণকারীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। রবিবার তৃণমূলের একাধিক নেতা–মন্ত্রী–সহ দলের এক প্রতিনিধি দল অনশন মঞ্চে আসবেন বলে জানতে পেরেছি।’

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy