আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যখন বড় রাজনৈতিক লড়াই আসন্ন, তখন শাসকদল তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং বিধায়করা ব্যস্ত নিজেদের পেশাগত কাজে। জনপ্রিয় ‘আবার প্রলয়’ সিরিজের তৃতীয় কিস্তি, ‘আবার প্রলয় ২’-এর শ্যুটিংয়ে ব্যস্ত পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক।
এই ছবিতেও নির্ভীক পুলিশ অফিসার অনিমেষ দত্তর ভূমিকায় অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়। সিরিজের প্রথম ভাগে পুলিশ অফিসারের চরিত্রে সাংসদ পার্থ ভৌমিকের ‘হ্যালো স্যার’ সংলাপটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
রাজনীতির ময়দানে কটাক্ষ: নেটিজেনরা এই নতুন সিরিজের জন্য আগাম শুভেচ্ছা বার্তা জানালেও রাজনৈতিক মহল কিন্তু এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি। বিশেষ করে বিরোধী দল বিজেপি সরাসরি আক্রমণ করে বলেছে, সামনে নির্বাচন অথচ তৃণমূলের এমপি, এমএলএ-রা নিজেদের কাজেই ব্যস্ত। অনেকেই কটাক্ষ করে বলেছেন যে, ‘এরা মানুষের মধ্যে কম, সিনেমার পর্দাতেই বেশি থাকেন। সুতরাং এই ধরণের সেলিব্রিটি রাজনীতিবিদদের হাতে আর বাংলার দায়িত্ব রাখা যায় না।’
বিজেপির এই সুরে সুর মিলিয়েছেন বহু সাধারণ মানুষও। তাঁরা বলেছেন, জনপ্রতিনিধি হিসেবে এঁদের দায়বদ্ধতা বেশি থাকা উচিত। ব্যারাকপুর থেকে নির্বাচিত হওয়া বিধায়ক রাজ চক্রবর্তী শেষ কবে ব্যারাকপুরে এসেছিলেন, সেখানকার মানুষ তা মনে করতে পারেননি। ব্যারাকপুরের জনগণের মতে, ‘এরা নিজেদের কাজেই ব্যস্ত। মানুষের পাশে দাঁড়ানোর সময় এদের নেই।’ একই কারণে বিরোধীদের কটাক্ষের শিকার হয়েছিলেন সাংসদ পার্থ ভৌমিকও।
শুটিং ফ্লোরের খবর: বিজেপির কটাক্ষ সত্ত্বেও ‘আবার প্রলয় ২’-এর শ্যুটিং পুরোদমে চলছে। আশা করা যাচ্ছে আগামী বছরেই রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে। নির্মাতারা জানিয়েছেন, নতুন মরশুমে গল্প আরও জটিল হবে। নতুন চরিত্র যোগ হবে এবং পুরোনো রহস্য ফিরে আসবে। সমাজের অন্ধকার দিক, ক্ষমতার রাজনীতি, অপরাধ ও ন্যায় সব মিলিয়ে আগের চেয়েও বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন অনিমেষ। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও জানিয়েছেন, চরিত্রটি তাঁর কাছে খুবই প্রিয় এবং আবার অভিনয়ের সুযোগ পাওয়া তাঁর জন্যও আবেগের বিষয়।
সিরিজটির প্রথম সিজন যেভাবে দর্শকদের মনে ঝড় তুলেছিল, দ্বিতীয় সিজনের জন্যও প্রত্যাশা তুঙ্গে। শ্যুটিংয়ের প্রথম দিনেই সেটে ছিল উৎসবের আবহ। বড়মার আশীর্বাদ নিয়ে শ্যুটিং শুরু হওয়াকে দলের সদস্যরা শুভ বলে মনে করছেন।