ভোটার তালিকা সংশোধনে রেকর্ড গতি, ৫ কোটি ফর্ম বিলি! বিএলএ নিয়োগে বিজেপিকে পিছনে ফেলল তৃণমূল

রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ আরও গতি পেয়েছে। ফর্ম বিলির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বুথ লেভেল এজেন্ট (বিএলএ) নিয়োগের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। এতদিন কিছুটা পিছিয়ে থাকলেও, বিএলএ নিয়োগের সংখ্যা বাড়িয়ে এবার বিজেপিকে টেক্কা দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

৬ দিনে ৫ কোটি ফর্ম বিলি

গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ফর্ম বিলির কাজ। মাত্র ছয় দিনের মধ্যে রবিবার পর্যন্ত গোটা রাজ্যে প্রায় পাঁচ কোটি ফর্ম বিলি করা হয়েছে। পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা প্রায় ৭.৬৬ কোটি। নির্বাচন কমিশন সূত্র জানাচ্ছে, আর কয়েদিনের মধ্যেই ফর্ম বিলির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে যাবে।

বিএলএ নিয়োগে এগিয়ে তৃণমূল

তাৎপর্যপূর্ণভাবে, রাজনৈতিক দলগুলির মধ্যে বিএলএ নিয়োগের সংখ্যাও বেড়েছে পাল্লা দিয়ে। এ দিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস ৪২,৯০৬ জন বিএলএ নিয়োগ করে ফেলেছে। সেখানে বিজেপির ক্ষেত্রে এই সংখ্যা ৪১,০৬৭ জন। সিপিএম নিয়োগ করেছে ৩২,০২১ জন, কংগ্রেসের ক্ষেত্রে তা ৯০৭৪ জন এবং ফরওয়ার্ড ব্লকের ১,১০৯ জন। বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) ৯ জন বিএলএ নিয়োগ করেছে।

ফর্ম বিলির পর এবার মূল কাজ হবে এই ফর্মগুলি পূরণ করে ভোটারদের পক্ষ থেকে বিএলও (বুথ লেভেল অফিসার)-কে ফিরিয়ে দেওয়া। বিএলও সেই তথ্য কমিশনের অ্যাপে বা বিএলও অ্যাপে আপলোড করবেন।

৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ

কমিশন সূত্রে খবর, এই পুরো প্রক্রিয়ার ভিত্তিতে আগামী ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এই সংশোধনের প্রতিটি ধাপে বিএলএ-দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাবিদাওয়া বা অভিযোগ জানানোর ক্ষেত্রে তাঁদের সই প্রয়োজন। কমিশনের খাতায় নথিভুক্ত বিএলএ-রাই কেবল সেই সই করতে পারবেন। তাই মূল রাজনৈতিক দলগুলি এখন লক্ষ্য স্থির করেছে, অভিযোগ জানানোর পর্ব শুরু হওয়ার আগেই যেন সর্বত্র বিএলএ নিয়োগের কাজ সম্পন্ন করা যায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy