বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের বিপুল সাফল্য নিয়ে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় নেটনাগরিকদের তীব্র তোপের মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর করা দুটি পোস্টে প্রায় ৯৯ শতাংশ নেটিজেন সমালোচনা বা ব্যঙ্গোক্তি করেছেন।
প্রথম ফেসবুক পোস্টে কুণাল বড় হরফে লেখেন, “বিহারে এনডিএ যতটা এগিয়েছে, বাংলায় তার থেকে বেশি পিছিয়ে যাবে। ওরা মনে রাখুক, বেল পাকলে কাকের কী?” এই পোস্টের প্রথম এক ঘণ্টাতেই ১৪৮টি প্রতিক্রিয়া আসে।
দ্বিতীয় একটি পোস্টে তিনি ‘বিহার। এখনও পর্যন্ত’ শিরোনামে পরিস্থিতি বিশ্লেষণ করেন। সেখানে তিনি দাবি করেন, বিহারের সমীকরণ বাংলার সঙ্গে সম্পর্কযুক্ত নয় এবং বাংলায় এর প্রভাব পড়বে না। তাঁর মতে, বাংলায় উন্নয়ন, ঐক্য, সম্প্রীতি, অধিকার এবং আত্মসম্মানই মূল ‘ফ্যাক্টর’, যার জোরে মমতা বন্দ্যোপাধ্যায় ২৫০-এর বেশি আসন নিয়ে আবার মুখ্যমন্ত্রী হবেন।
কুণাল ঘোষ আরও লেখেন:
-
কংগ্রেস যে বিজেপি-বিরোধী রাজনীতিতে ব্যর্থ, তা আবারও প্রমাণিত হয়েছে।
-
বিহারের ফল দেখিয়ে বাংলাকে হুমকি দেওয়া বিজেপি নেতাদের বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন চলবে।
-
বিজেপি বাংলার মানুষের অধিকার ও আত্মসম্মানে আঘাত করে শুধু অন্য রাজ্যের ফল দেখিয়ে ভালোবাসা পেতে পারে না।
-
“এখানে শীত- গ্রীষ্ম বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা।” বাংলার মানুষ সার্বিক স্বার্থেই তৃণমূলকে সমর্থন করেন এবং করবেন।
এই পোস্ট করার দু’ঘন্টা বাদে প্রতিক্রিয়া এসে পৌঁছায় ৬৪৭টি, যার প্রায় সবকটিই কুণাল ঘোষের মন্তব্যের বিরুদ্ধে ছিল। নেটনাগরিকদের বিপুল সংখ্যক সমালোচনায় স্পষ্ট যে বিহারের ফলাফল নিয়ে কুণাল ঘোষের ব্যাখ্যা অনেকেই মেনে নিতে পারেননি।