বেজোসের রকেট কাঁপালো বিশ্ব! স্পেস রেসে মাস্ককে টেক্কা, ৩২২ ফুটের নিউ গ্লেন-এর বড় চমক

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সফলভাবে উৎক্ষেপণ হল অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিনের তৈরি শক্তিশালী রকেট ‘নিউ গ্লেন’। সম্প্রতি ক্যাপ কেনাভেরল স্পেস ফোর্স স্টেশন থেকে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ৩২২ ফুট (প্রায় ৩২ তলা বিল্ডিংয়ের সমান) লম্বা এই রকেটটি। একাধিকবার খারাপ আবহাওয়ার কারণে উৎক্ষেপণ পিছিয়ে গেলেও, চূড়ান্ত সাফল্য এনে দিল ব্লু অরিজিন।

এই উৎক্ষেপণের সবচেয়ে বড় সাফল্য হল রকেটটির বুস্টার সঠিক স্থানে সফলভাবে অবতরণ করেছে। এই ধরনের পুনর্ব্যবহারযোগ্য (Reusable) বুস্টার সফলভাবে পুনরুদ্ধার করার ক্ষমতা এতদিন শুধুমাত্র এলন মাস্কের সংস্থা স্পেসএক্স-এরই ছিল। নিউ গ্লেন-এর এই সফল প্রত্যাবর্তন মহাকাশ গবেষণার ক্ষেত্রে ব্লু অরিজিনকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল, যা বেজোস এবং মাস্কের মধ্যে চলমান মহাকাশ প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলেছে।

রয়টার্স এবং এপি (AP)-এর প্রতিবেদন অনুযায়ী, এই রকেটটি নাসার জন্য যমজ ‘ESCAPADE’ মহাকাশযান এবং Viasat-এর জন্য একটি পেলোড বহন করেছে। নাসার এই মহাকাশযান দুটি প্রায় ১০ লাখ মাইল দূরে অবস্থান করবে এবং ২০২৭ সালে মঙ্গল গ্রহে পৌঁছাবে। এই বিশেষ মিশনটির মূল লক্ষ্য হল মঙ্গলের আবহাওয়া নিয়ে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা। বিজ্ঞানীরা আশা করছেন, এই মহাকাশযান মঙ্গলের অতীত উষ্ণ-আর্দ্র অবস্থা থেকে বর্তমান শুষ্ক আবহাওয়ায় পরিবর্তনের রহস্য উন্মোচন করবে, যা মঙ্গল গবেষণায় বড় অগ্রগতি আনবে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসেও রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তখন বুস্টার পুনরুদ্ধার ব্যর্থ হয়েছিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy