বিহার ভোটের ফল ঘোষণার আগে তুঙ্গে উত্তেজনা, “কারচুপি হলে নেপাল-বাংলাদেশের মতো প্রতিবাদ হবে!” ইসিকে আরজেডি নেতার তীব্র হুঁশিয়ারি

রাত পোহালেই বিহার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে চলেছে। এই আবহে, প্রতিবেশী রাজ্যের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। ফলাফল ঘোষণার ঠিক আগের দিন নির্বাচন কমিশনের (EC) আধিকারিকদের উদ্দেশ্যে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন আরজেডি (RJD) নেতা সুনীল সিং। তাঁর বিস্ফোরক বার্তা, “ফলাফলে কোনো রকমের কারচুপি হলে নেপাল-বাংলাদেশের মতো তীব্র প্রতিবাদ দেখবে বিহার!”

আরজেডি নেতা সুনীল সিং দাবি করেন, ২০২০ সালের বিধানসভা নির্বাচনেও অনেক নেতাকে ‘জোড় করে হারানো’ হয়েছিল। তাঁর হুঁশিয়ারি, “মানুষের রায়ের ঊর্ধ্বে গিয়ে নিজেদের মর্জি চালালে কী হয়, তা আমরা শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে দেখেছি। বিহারের রাস্তাতেও তেমনটাই হবে।” যদিও সুনীল সিং আত্মবিশ্বাসী যে আরজেডি ১৪০ থেকে ১৬০টি আসন জিতে তেজস্বী যাদবের নেতৃত্বে পরবর্তী সরকার গঠন করবে।

‘উস্কানিমূলক’ মন্তব্যের জন্য FIR

ফলাফলের ঠিক আগের দিন এই ‘বিস্ফোরক’ এবং ‘উস্কানিমূলক’ মন্তব্যের জেরে আরজেডি নেতা সুনীল সিংয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই FIR দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, আগামীকাল বিহার বিধানসভা নির্বাচনের মোট ২৪৩টি আসনের ফলাফল ঘোষণা। গত ৬ এবং ১১ নভেম্বর দুই দফায় ভোটগ্রহণ হয়েছিল। এই নির্বাচনের জাদু সংখ্যা হলো ১২২। যদিও অধিকাংশ এক্সিট পোল এনডিএ জোটের দিকেই জয়লাভের ইঙ্গিত দিচ্ছে। ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’ এক্সিট পোল অনুসারে, এনডিএ ১২১ থেকে ১৪০টি আসনে এবং মহাগাঁঠবন্ধন (আরজেডি-কংগ্রেস) ৯৮ থেকে ১২২টি আসন পেতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy