শুক্রবার গেরুয়া ঝড় তুলে এনডিএ-জোট (NDA) বিহারে (Bihar) প্রত্যাবর্তন করার পর, রবিবার থেকেই শুরু হয়ে গেছে নতুন মন্ত্রীসভা গঠনের তোড়জোড়।
আজ নির্বাচন কমিশন ১৮তম বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল রাজ্যপাল রাজেন্দ্র আরলেকরের কাছে জমা দেবেন। এর ফলে নতুন বিধানসভা গঠনের বিজ্ঞপ্তি জারি হবে এবং নির্বাচনকালীন সময়ের আদর্শ আচরণবিধি আনুষ্ঠানিকভাবে শেষ হবে।
নীতীশ কুমারের পদত্যাগ ও শপথ-গ্রহণ:
সোমবার, অর্থাৎ ১৭ নভেম্বর পুরনো মন্ত্রীসভার মেয়াদ শেষ হচ্ছে। ওইদিন নীতীশ কুমার (Nitish Kumar) ক্যাবিনেট মিটিং করবেন। এরপর তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেবেন বলে আশা করা হচ্ছে।
নীতীশ কুমারের পদত্যাগের পর, এনডিএ-র অন্তর্ভুক্ত দলগুলি জোটের নেতা নির্বাচনের জন্য তাদের আইনসভা দলের সভা ডাকবে। নির্বাচিত নেতা পরবর্তী সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের কাছে যাবেন।
-
শপথ-গ্রহণ: শপথ-গ্রহণ অনুষ্ঠানের জন্য পাটনার গান্ধী ময়দানে সাজো সাজো রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির হেভি-ওয়েট নেতা-মন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, আগামী ১৯ বা ২০ নভেম্বর শপথ-গ্রহণ অনুষ্ঠিত হবে। চূড়ান্ত দিনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচীর উপর নির্ভর করছে।
কে হবেন মুখ্যমন্ত্রী? ধোঁয়াশা জিইয়ে রাখল বিজেপি:
এনডিএ-এর ঐতিহাসিক জয়েও পরেও মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে ধোঁয়াশা অব্যাহত। বিজেপির অর্জিত আসন সংখ্যা ৮৯। অন্যদিকে, ৮৫টি আসন নিয়ে জেডি(ইউ) বিজেপির পরে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে।
যদিও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, তবুও ফলাফলকে তাঁর প্রতি গণভোট হিসেবে দেখা হচ্ছে।
-
জল্পনা: জেডিইউ নেতারা স্পষ্ট করে দিয়েছেন যে নীতীশ কুমারই প্রকৃতপক্ষেই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু বিজেপি এখনও জল্পনা জিইয়ে রেখেছে। নীতিশ কুমার কি আবার মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে আসবেন, এটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।