সারা দেশে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে বিহারে ‘বিশেষ নিবিড় সংশোধন’ (Special Intensive Revision – SIR) সম্পন্ন হওয়ার পর এবার দ্বিতীয় ধাপে এই প্রক্রিয়া শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ রাজ্যগুলিতে এবং লক্ষদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবর কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে।
এই SIR প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকার ত্রুটিগুলি গভীরভাবে সংশোধন করে স্বচ্ছতা আনা হবে।
অসমে কেন SIR নয়, SR?
আগামী বছর বিধানসভা নির্বাচন থাকলেও অসমে SIR প্রক্রিয়া হচ্ছে না। এই বিষয়ে নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল যে, অসমে জাতীয় নাগরিক পঞ্জি (NRC) তৈরির কাজ প্রায় শেষের পথে এবং সেখানে তাদের নিজস্ব বিধান থাকায় SIR এর বদলে অন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই যুক্তিতে এবার অসমের জন্য ‘স্পেশ্যাল রিভিশন’ (Special Revision – SR) ঘোষণা করল কমিশন। এই SR প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি।
কমিশন সূত্রে খবর, অসমবাসীকে এই প্রক্রিয়ার জন্য কোনো এনুমারেশন ফর্ম ফিলআপ করতে হবে না। প্রতি বছর ভোটার তালিকা সংশোধনের জন্য যে ‘সংক্ষিপ্ত সংশোধন’ (SSR) করা হয়, অনেকটা সেই রকম পদ্ধতিতেই এই স্পেশ্যাল রিভিশন সম্পন্ন হবে। কমিশনের যুক্তি স্পষ্ট—অসমে NRC প্রক্রিয়া চালু থাকায় SIR-এর বদলে SR করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা রাজ্যটির বিশেষ পরিস্থিতিকে বিবেচনা করে নেওয়া হয়েছে।