বাংলাদেশ অস্থিরতার মুখে? সীমান্ত সিল করতে তৎপর ভারত, জারি হাই অ্যালার্ট!

বসিরহাট/কলকাতা: প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে অভ্যন্তরীণ পরিবেশ যে কোনও মুহূর্তে অশান্ত হয়ে উঠতে পারে, এই আশঙ্কায় নড়েচড়ে বসেছে ভারতীয় প্রশাসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর মনে করছে, পরিস্থিতি রুক্ষ হলে সীমান্ত পেরিয়ে বিপুল সংখ্যক মানুষ ভারতে প্রবেশের চেষ্টা করতে পারেন। সেই কারণেই রাজ্য সীমান্ত জুড়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।

বিশেষত গত সপ্তাহে রাজধানী দিল্লি থেকে ভূস্বর্গ কাশ্মীর পর্যন্ত একের পর এক বিস্ফোরণ ও নাশকতার ঘটনার পর নিরাপত্তায় কোনও রকম ঢিলেমি দিতে চাইছে না প্রশাসন। এই ডবল সতর্কতার জেরেই এদিন সকাল থেকে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বিস্তীর্ণ সীমান্ত এলাকায়, বিশেষ করে স্বরূপনগর, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, হেমনগর ও বসিরহাট থানা এলাকাগুলিতে জোর কদমে চলছে ‘নাকা চেকিং’ বা ব্লক পয়েন্ট চেকিংয়ের প্রক্রিয়া।

সীমান্তরক্ষী বাহিনী (BSF) এবং বসিরহাট পুলিশ জেলার আধিকারিকরা যৌথভাবে সীমান্ত থেকে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করা প্রতিটি গাড়ির ওপর কড়া নজর রাখছেন। বাস, অটো, টোটো সহ সবরকম যাত্রীবাহী ছোট-বড় গাড়ি, পণ্যবাহী লরি, এমনকি বাইককেও দাঁড় করিয়ে চলছে নিবিড় তল্লাশি। প্রশাসনিক আধিকারিকরা ক্যামেরার সামনে সরাসরি মুখ না খুললেও পক্ষান্তরে স্বীকার করছেন, একদিকে দেশের অভ্যন্তরে নাশকতা এবং অন্যদিকে প্রতিবেশী দেশের সম্ভাব্য অশান্ত পরিস্থিতির ওপর বিশেষ নজর রেখে সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সীমান্ত সুরক্ষায় এখন ‘নজর এড়িয়ে মাছি গলার জো নেই’ পরিস্থিতি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy