ভারতীয় বায়ুসেনা (IAF) এবং ফরাসি এয়ার অ্যান্ড স্পেস ফোর্সের (FASF) অন্যতম মর্যাদাপূর্ণ দ্বিপাক্ষিক বিমান মহড়া ‘গরুড়া ২৫’-এর অষ্টম সংস্করণ শুরু হতে চলেছে ফ্রান্সের মঁ দ্য মারসাঁ বিমানঘাঁটিতে। আগামী ১৬ থেকে ২৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে এই মহড়া। ইতিমধ্যে ১০ নভেম্বর ভারতীয় বায়ুসেনার কন্টিনজেন্ট ফ্রান্সে পৌঁছে গিয়েছে।
এই বছর মহড়ায় ভারত অংশ নিচ্ছে তার শক্তিশালী সু-৩০ এমকেআই (Su-30 MKI) যুদ্ধবিমান নিয়ে। যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম পরিবহনের জন্য রয়েছে ভারী পরিবহন বিমান সি-১৭ গ্লোবমাস্টার ৩ (C-17 Globemaster III)। পাশাপাশি আকাশে জ্বালানি ভরে যুদ্ধবিমানের উড়ান সক্ষমতা বাড়ানোর জন্য মোতায়েন করা হয়েছে আইএল-৭৮ এয়ার টু এয়ার (IL-78 Air-to-air) রিফুয়েলিং ট্যাঙ্কার।
মহড়ার মূল আকর্ষণ:
‘গরুড়া ২৫’-এ ভারতীয় সু-৩০ এমকেআই মুখোমুখি হবে ফরাসি বহুমুখী যুদ্ধবিমানগুলির। এই মহড়ার মূল আকর্ষণ হল— বাস্তব যুদ্ধপরিস্থিতির মতো পরিবেশে জটিল সিমুলেটেড আকাশযুদ্ধ, আকাশ থেকে আকাশ লড়াই, বিমান প্রতিরক্ষা এবং যৌথ আঘাত হানার মতো চ্যালেঞ্জিং অপারেশনগুলিতে দুই দেশের শীর্ষস্থানীয় পাইলটরা এক সঙ্গে অংশ নেবেন। এই মহড়া দুই বাহিনীর কৌশল ও অপারেশনাল দক্ষতা আরও পরিশীলিত করবে।
ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, এই মহড়া শুধু আকাশযুদ্ধ নিয়ে নয়, এটি দুই দেশের বায়ুসেনার মধ্যে পেশাগত যোগাযোগ, অপারেশনাল অভিজ্ঞতা বিনিময় এবং সর্বোত্তম সামরিক চর্চা ভাগ করে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করে। বন্ধুত্বপূর্ণ বিদেশি বায়ুসেনাগুলোর সঙ্গে বহুপাক্ষিক মহড়া ও সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিরই প্রতিফলন এই অংশগ্রহণ।
‘গরুড়া ২৫’ ভারত-ফ্রান্স প্রতিরক্ষা সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আরও একটি ইঙ্গিত। আকাশে পাশাপাশি উড়ে দুই দেশের পাইলটরা শুধু শক্তির প্রদর্শনই নয়, ভবিষ্যতের জন্য আরও গভীর কৌশলগত বোঝাপড়াও গড়ে তুলছেন।