দিল্লির রেশ না কাটতেই আতঙ্ক! মুর্শিদাবাদে বোমা তৈরির উপাদান উদ্ধার, উধাও কুখ্যাত সাইদুল শেখ!

রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই এবার মুর্শিদাবাদের বহরমপুর মহকুমার রানিনগর গ্রামে নতুন করে আতঙ্ক ছড়াল। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোররাতে বহরমপুর থানার পুলিশ কুখ্যাত সাইদুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির উপাদান উদ্ধার করেছে।

পুলিশের দাবি, সাইদুল শেখের বাড়ির একটি ঘর থেকে প্রায় ২ কেজি অ্যান্টিমনি ট্রাইসালফাইড উদ্ধার হয়েছে, যা সাধারণত বোমা তৈরির অন্যতম প্রধান রাসায়নিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়। উদ্ধার হওয়া এই বিস্ফোরকগুলি পরীক্ষার জন্য ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে।

গ্রামবাসীরা জানিয়েছেন, গভীর রাতে পুলিশি জিপ যখন সরু গলিপথে প্রবেশ করে, তখনই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। অভিযানের খবর পেয়েই অভিযুক্ত সাইদুল শেখ, তাঁর স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান। ফলে পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি।

পুলিশ সূত্রে খবর, সাইদুল শেখের বিরুদ্ধে NDPS আইন, বিস্ফোরক পদার্থ আইন-সহ একাধিক ফৌজদারি ধারায় আগে থেকেই মামলা রয়েছে এবং তিনি বেশিরভাগ মামলাতেই জামিনে ছিলেন। তদন্তকারী অফিসারদের দাবি, সাইদুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বেআইনি বোমা তৈরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল।

তবে এই ঘটনা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। গ্রামবাসীদের একাংশের দাবি, “সাইদুলকে ফাঁসানো হচ্ছে।” প্রতিবেশীরা প্রশ্ন তুলেছেন, “ওর বিরুদ্ধে আগে অভিযোগ থাকলেও, সম্প্রতি সে ঠিকঠাক কাজ করছিল। হঠাৎ করে তার বাড়িতে বিস্ফোরক পাওয়া গেল, এটা মানা যায় না। পুলিশই রেখে দিয়ে তাকে ফাঁসাচ্ছে হতে পারে।” যদিও পুলিশ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছে, সাইদুলের বিরুদ্ধে আগে থেকেই মামলা থাকায় গোপন খবরের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

এদিকে, দিল্লি বিস্ফোরণের আবহে সারা দেশে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। এর মধ্যেই মুর্শিদাবাদের মতো তুলনামূলক শান্তধর্মী এলাকায় এই পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় রাজ্য পুলিশ সদর দফতর বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। পুলিশ এখন খতিয়ে দেখছে, সাইদুলের সঙ্গে রাজ্যের অন্য কোনও বিস্ফোরক চক্রের বা জঙ্গি নেটওয়ার্কের যোগ রয়েছে কি না। পুলিশ আপাতত কোনও মন্তব্য না করলেও, দোষীদের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy