ঘর থেকে গায়েব রান্নার গ্যাস সিলিন্ডার! সিসিটিভি ফুটেজে রহস্য ফাঁস, উদ্ধার হলো একসঙ্গে ৪৭টি গ্যাস সিলিন্ডার

বাড়িতে সব ঠিক, শুধু উধাও রান্নার গ্যাস সিলিন্ডার! এইরকম একের পর এক অভিযোগ জমা পড়ছিল পূর্ব বর্ধমানের ভাতার থানায়। নিত্যদিন গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে উদ্বিগ্ন বাসিন্দারা অবশেষে পুলিশের দ্বারস্থ হন। বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত তদন্ত শুরু করে ভাতার থানার পুলিশ।

রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট এলাকার রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এবং গোপন সূত্র কাজে লাগানো হয়। তাতেই বড় সাফল্য পেল পুলিশ। ভাতার থানার পুলিশ বৃহস্পতিবার রাতে একযোগে ৪৭টি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে। এই চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট দুজনকে গ্রেফতার করা হয়েছে।

তদন্তে নেমে প্রথমে ভাতারের এরুয়ার এলাকা থেকে ভাগু শাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে তিনটি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়।

মেরামতির দোকানের আড়ালে চোরাই কারবার

ধৃত ভাগু শাহকে জেরা করে পুলিশ জানতে পারে যে, চুরি করা সিলিন্ডারগুলি বলগোনা বাজারের একটি গ্যাস মেরামতির দোকানে বিক্রি করা হতো। এই তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার সকালে পুলিশ বলগোনা বাজারে হানা দেয়। বলগোনা স্টেশন সংলগ্ন দুটি গ্যাস ওভেন মেরামতির দোকান থেকে একসঙ্গে ৪৭টি অবৈধ গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়।

ঘটনায় দোকান মালিক মঙ্গল মুন্সি-কে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আজই বর্ধমান আদালতে পেশ করা হয়। এলাকার বাসিন্দারা এই চোরাই কারবার সামনে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা জানান, গ্যাস ওভেন মেরামতির আড়ালে যে চোরাই সিলিন্ডার কেনা-বেচা চলছিল, তা কল্পনাও করা যায়নি। চোরেরা বাড়ি থেকে সিলিন্ডার চুরি করে কিছু দিন লুকিয়ে রেখে পরে বলগোনা বাজারে বিক্রি করে দিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর উদ্ধার হওয়া গ্যাস সিলিন্ডারগুলি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy