গুরু নানকের জন্ম বার্ষিকী উপলক্ষে প্রায় ২০০০ তীর্থযাত্রীর সঙ্গে ওয়াঘা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়েছিলেন শিখ মহিলা সরবজিৎ কৌর (৪৮)। ১৩ নভেম্বর বাকি তীর্থযাত্রীরা ভারতে ফিরে এলেও, পাঞ্জাবের কাপুরথালা জেলার আমানিপুর গ্রামের বাসিন্দা ওই মহিলা দেশে ফেরেননি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়।
নিখোঁজ সরবজিৎ-এর ভাইরাল ভিডিও:
চাঞ্চল্যকর বিষয়টি হলো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সরবজিৎ কৌরের একটি ভিডিও। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ খালিদ মাহমুদ ওয়ারিয়াচের আদালতে কৌরকে বলতে দেখা যায় যে, কেউ তাঁকে অপহরণ করেনি। বরং তিনি শেখুপুরার ফারুকাবাদ এলাকার বাসিন্দা নাসির হুসেনকে “ভালোবাসেন” এবং তাঁর সঙ্গে “সুখে সংসার করছেন”।
-
পরিচয় ও ধর্ম পরিবর্তন: লাহোরের একজন বরিষ্ঠ পুলিশ আধিকারিকের দাবি, লাহোর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শেখুপুরা জেলার বাসিন্দা নাসির হুসেনের সঙ্গে সরবজিৎ কৌরের পরিচয় হয়েছিল সমাজমাধ্যমে। পুলিশ আরও দাবি করে, পাকিস্তানে আসার একদিন পর, ৪ নভেম্বর তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নাসিরকে বিয়ে করেছেন।
-
নিরাপত্তার আবেদন: ভাইরাল ভিডিওটিতে সরবজিৎ কৌর জানান, “কিছু লোক” হুসেনের বাড়িতে ঢুকে তাঁদের দুজনের সঙ্গে দুর্ব্যবহার করেছে। তারা তাঁদের সঙ্গে যেতে বলে এবং তা অমান্য করলে মিথ্যা মামলা দায়ের করার হুমকি দেয়। সরবজিৎ পাকিস্তান সরকারের কাছে তাঁকে এবং তাঁর স্বামীকে নিরাপত্তা দেওয়ার আর্জি জানান।
পাঞ্জাব পুলিশের তদন্ত:
গুরুনানকের জন্মদিনে পাকিস্তানে গিয়ে সরবজিৎ কৌর দেশে না ফেরায় পাঞ্জাব পুলিশ তাঁর বিরুদ্ধে ‘নিখোঁজ’ তদন্ত শুরু করেছে। কাপুরথালার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট ধীরেন্দ্র ভার্মা জানান, কৌরের নিখোঁজের তদন্ত চলছে, তবে মহিলার ধর্মান্তর সম্পর্কে তাঁদের কাছে কোনও তথ্য নেই। পুলিশ জানিয়েছে, সরবজিৎ কৌর ২০২৪ সালের জানুয়ারি মাসে জলন্ধরের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট ইস্যু করেছিলেন।
ভারতে একাধিক মামলা:
অন্য এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সরবজিৎ কৌরের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি কাপুরথালা সিটি থানায় এবং একটি ভাটিন্ডার কোট ফাত্তা পুলিশ স্টেশনে। যদিও ওই পুলিশ কর্মকর্তা জানান, আদালতে এই মামলাগুলির কার্যক্রম প্রায় শেষ।
জানা গেছে, কৌরের স্বামী বহু বছর ধরে বিদেশে থাকেন এবং তাঁদের দুটি ছেলে রয়েছে।