বিহার বিধানসভা নির্বাচনে মহাজোটকে উড়িয়ে দিয়ে এক ঐতিহাসিক রেকর্ড গড়ল বিজেপি। ভারতবর্ষের নির্বাচনী ইতিহাসে এমন চোখ ধাঁধানো স্ট্রাইক রেট কোনো দলের নেই। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ১০১টি আসনে ভোটে লড়ে ৯৪.৫৯ শতাংশ আসনে জয় পেয়েছে বা এগিয়ে রয়েছে, যা প্রায় ৯৫ শতাংশ! অর্থাৎ, ১০১টির মধ্যে বিজেপি ৯৫টি আসন নিজেদের দখলে এনেছে।
অন্যদিকে, শরিক জেডিইউ (JDU) একই সংখ্যক অর্থাৎ ১০১টি আসনে লড়ে ৮৪.১৫ শতাংশ স্ট্রাইক রেট নিয়ে ৮৪টি আসনে জয়ী বা এগিয়ে রয়েছে। ফলস্বরূপ, ম্যাজিক ফিগার ১২২ পেরিয়ে এনডিএ জোট ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে।
এই ফলাফল ইতিহাস বদলে দিয়েছে। এর আগে, ১৯৮৪ সালের লোকসভা ভোটে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর কংগ্রেস ৫১৪ আসনের মধ্যে ৪০৪টি জিতে ৭৮.৬ শতাংশ স্ট্রাইক রেট নিয়ে বিশাল রেকর্ড গড়েছিল। বিহারের এই বিধানসভা নির্বাচন যেন সেই চেনা ছককে এক্কেবারে ওলট-পালট করে দিল।
বিপরীতে, জোট করেও বিরোধী মহাজোটের শোচনীয় অবস্থা। আরজেডি কোনওমতে ২৪টি, কংগ্রেস ৫টি এবং বামেরা আরও খারাপ ফল করেছে। বিগত কয়েকটি নির্বাচনে নজর কাড়া ফল করা সিপিআইএমএল লিবারেশন এবার মাত্র একটি আসনে এগিয়ে। সিপিএমের অবস্থাও একই। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সিপিআই) খাতাই খুলতে পারেনি।
বিরোধী শিবিরে এই কাঁপুনি ধরানো জয়ের পর দেশজুড়েই উল্লাসে মেতেছেন পদ্ম কর্মীরা। এই জয়ের অক্সিজেন পেয়ে বাংলায় আসন্ন বিধানসভা ভোটের আগে নতুন করে হুঙ্কার দিচ্ছেন শুভেন্দু, সুকান্ত, দিলীপ, শমীক-সহ রাজ্য বিজেপির নেতারা। বিজেপি বলছে, “এবারে হয়েছে, এবার বাংলাতেও হবে।” তবে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য বিজেপিকে ‘অলীক কল্পনা’ করতে ‘নিষেধ’ করেছেন। এখন শেষ পর্যন্ত বাংলার নির্বাচনে ফলাফল কী দাঁড়ায়, সেটাই দেখার।