‘এসআইআর আতঙ্কে’ মুর্শিদাবাদে ফের আত্মঘাতী, মালগাড়ির সামনে ঝাঁপ দিলেন ৫৫ বছর বয়সী মহিলা

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া স্পেশাল সামারি রিভিশন (SIR) শুরুর পর মুর্শিদাবাদ জেলায় ফের আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটল। এসআইআর-এর ভয় থেকে সুরুলিয়া-গেটপাড়া এলাকার বাসিন্দা ৫৫ বছর বয়সী শাকিলা বেওয়া রবিবার ভোরে মালগাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

গত ৪ নভেম্বর রাজ্য জুড়ে এসআইআর (SIR) প্রক্রিয়া শুরুর পর থেকে এই নিয়ে মুর্শিদাবাদ জেলায় মোট তিনজন ব্যক্তি আত্মঘাতী হলেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শাকিলা বেওয়া এসআইআর শুরু হওয়ার পর থেকেই চরম আতঙ্কে ভুগছিলেন। তিনি বারবার পরিবারের সদস্যদের বলেছিলেন যে এসআইআর তালিকা তৈরি হয়ে গেলে পুলিশ এসে তাঁকে ধরে নিয়ে যাবে।

মৃত শাকিলার পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবিবার ভোর ছয়টা নাগাদ শাকিলা রেললাইনের উপর গিয়ে শুয়ে পড়েন। বহরমপুরের দিক থেকে বেলডাঙাগামী একটি মালগাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বহরমপুর জিআরপি থানা আধিকারিকেরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy