ইস্কো কারখানার ৪ স্কুল বেসরকারিকরণের সিদ্ধান্ত, বন্ধ হতে পারে বাংলা মাধ্যম! আসানসোলে বিপুল বিক্ষোভ

একদিকে যখন ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে ইসকো কারখানার আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে এবং আসানসোলবাসী দেশের সর্ববৃহৎ ইস্পাত শিল্প তৈরির স্বপ্ন দেখছে, ঠিক তখনই শিক্ষাক্ষেত্রে এল বড় ধাক্কা। ইস্কো কারখানা কর্তৃপক্ষ তাদের অধীনে থাকা পাঁচটি স্কুলের মধ্যে চারটি বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে ইতিমধ্যেই দরপত্রও ডাকা হয়েছে। এই খবর জানাজানি হতেই বার্নপুর শিল্পাঞ্চল জুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে জেলা তৃণমূল কংগ্রেস।

ইস্কো কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তৃণমূল শিক্ষা সেলের রাজ্য নেতা ও কাউন্সিলর অশোক রুদ্র সম্প্রতি সেইলের চেয়ারম্যান-কাম-ম্যানেজিং ডিরেক্টর অমরেন্দু প্রকাশের সঙ্গে দেখা করেন এবং তাঁকে একটি লিখিত দাবিপত্র তুলে দেন। ইসকো মডেল স্কুল বাদে যে চারটি স্কুল (বার্নপুর বয়েজ হাই/জুনিয়র স্কুল ও বার্নপুর গার্লস হাই/জুনিয়র স্কুল) বাংলা, হিন্দি ও উর্দু মাধ্যমে পঠন-পাঠন চালু রেখেছে, সেগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করেন তিনি।

নিম্নবিত্তদের ভরসা এই স্কুলগুলি:

অশোক রুদ্র সেইলের CMD-কে স্পষ্টভাবে জানিয়েছেন, “এই চারটি স্কুলে স্থানীয় বাসিন্দা, ঠিকা শ্রমিক, আদিবাসী এবং কর্মচারীদের বাড়িতে কাজ করা পরিচারক-পরিচারিকাদের ছেলেমেয়েরা খুব কম খরচে পড়াশোনা করত। স্কুলগুলি বেসরকারি হাতে তুলে দেওয়া হলে মোটা মাইনে দিয়ে তাদের পক্ষে পড়ানো আর সম্ভব হবে না।”

আসানসোলের বরো চেয়ারম্যান দেবাশিস সরকারও একই সুরে বলেন, “বড় অফিসাররা তাঁদের সন্তানদের ইংলিশ মিডিয়ামে পড়ান। কিন্তু নিম্নবিত্ত ঠিকা শ্রমিক বা পরিচারকদের সন্তানদের ভরসা এই স্কুলগুলি। স্কুলগুলি বন্ধ হয়ে গেলে তাঁদের ভবিষ্যতের শিক্ষা অনিশ্চিত হয়ে পড়বে।” অশোক রুদ্র আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, বেসরকারিকরণ হলে এই স্কুলগুলি থেকে বাংলা ভাষায় পঠনপাঠন বন্ধ হয়ে যাবে। তিনি প্রশ্ন তোলেন যে, সেইলের অন্যান্য রাজ্যের স্কুলে যদি এই নিয়ম প্রযোজ্য না হয়, তবে বাংলায় কেন হচ্ছে?

স্কুল বাঁচানোর মূল দাবির পাশাপাশি, প্রতিনিধিরা সেইলের চেয়ারম্যানের কাছে ঠিকা কর্মীদের বেতন বৃদ্ধি এবং কারখানার আধুনিকীকরণ ও সম্প্রসারণের কাজে স্থানীয়দের নিয়োগের দাবিও তুলে ধরেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy