ব্রাজিলিয়ান বডি বিল্ডার ও জনপ্রিয় ফিটনেস ইনফ্লুয়েন্সার ডায়ানা এরিয়াস, যাঁর ইনস্টাগ্রামে দুই লক্ষেরও বেশি ফলোয়ার ছিল, এই সপ্তাহে রিও ডি জেনিরোতে তাঁর বহুতল অ্যাপার্টমেন্ট থেকে পড়ে প্রয়াত হয়েছেন। নিউ ইয়র্ক পোস্ট এবং পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুসারে, ৩৯ বছর বয়সী এই ফিটনেস সেনসেশনকে বৃহস্পতিবার ইউনিক টাওয়ার্স কনডোমিনিয়ামের বাইরে নিথর অবস্থায় পাওয়া যায়।
তবে, তাঁর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। জানা গিয়েছে, এই মর্মান্তিক ঘটনার ঠিক একদিন আগেই তাঁর বাসভবন থেকে জরুরি কল পেয়ে পুলিশ পৌঁছয়। সে সময় তাঁর ঘাড়ে ও হাতে আঘাতের চিহ্ন ছিল। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সম্পূর্ণ চিকিৎসা প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তিনি হাসপাতাল থেকে চলে আসেন। এর পরের দিনই তাঁকে তাঁর বহুতলের নীচে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, নিজের ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছে ইনফ্লুয়েন্সার ডায়ানার। তাঁর রহস্যমৃত্যুর তদন্ত জারি রেখেছেন গোয়েন্দারা।
শোকস্তব্ধ নেটদুনিয়া
এরিয়াসের আকস্মিক মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বহু ভক্ত তাঁর ইনস্টাগ্রাম পোস্টে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন। একজন অনুসারী লিখেছেন, “শান্তি পাও, আমার বন্ধু। তোমার আত্মা পরমপিতার কাছে শান্তি পাক। দুঃখিত, আমরা তোমাকে সাহায্য করতে পারিনি।” আরেকজন মন্তব্য করেছেন, “আমি বিশ্বাস করতে পারছি না তুমি চলে গিয়েছো। শান্তিতে ঘুমাও, সুন্দরী।”
অন্য একজন তাঁর পেশাদার জীবনের অবদানের কথা স্মরণ করে লেখেন, “আজ আমাদের পেশা একজন মহান পুষ্টিবিদকে হারালো। একজন মহিলা যিনি তাঁর যত্ন, জ্ঞান এবং স্নেহের মাধ্যমে অনেকের জীবনে ছাপ রেখে গিয়েছেন। ঈশ্বর তাঁর পরিবার এবং তাঁর ঘনিষ্ঠদের সান্ত্বনা দিন। আপনার নিষ্ঠা তাঁদের অনুপ্রাণিত করে চলবে যাঁরা একই লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে চলেছে।”
ফিটনেস কমিউনিটিতে এরিয়াস তাঁর বিশাল অনলাইন দর্শকদের সঙ্গে নিয়মিত ওয়ার্কআউট রুটিন, লাইফস্টাইল টিপস এবং বডি বিল্ডিংয়ের অগ্রগতি শেয়ার করার জন্য সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর খবর ভক্তদের মধ্যে গভীর শোক এবং সহানুভূতি তৈরি করেছে।