শর্ত সাপেক্ষে প্যারটিচারদের অবস্থান কর্মসূচির অনুমতি দিল আদালত! কী কী নির্দেশ দিলেন বিচারপতি?

দীর্ঘদিনের দাবিদাওয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালনের জন্য শর্ত সাপেক্ষে পার্শ্ব শিক্ষকদের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষ এই অনুমতি দেন। পার্শ্ব শিক্ষকরা আগামী ১৭ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত মোট দশ দিন শান্তিপূর্ণ অবস্থান করতে পারবেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, পার্শ্ব শিক্ষকরা প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেন্ট্রাল পার্ক সংলগ্ন ফুটপাথে অবস্থান করতে পারবেন। তবে কোনওভাবেই ৫০০ জনের বেশি এই অবস্থানে যোগ দিতে পারবেন না বলেও আদালত স্পষ্ট করে দিয়েছে।

আদালতের নির্দেশাবলী:

আদালতের তরফ থেকে শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করার জন্য একাধিক নির্দেশ দেওয়া হয়েছে:

  • সময়সীমা ও সংখ্যা: ১৭ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ৫০০ জনের বেশি অবস্থান করতে পারবেন না।

  • মাইক ব্যবহার: ‘ওয়েস্ট বেঙ্গল সাউন্ড কন্ট্রোল বোর্ড’-এর নিয়ম মেনেই মাইক ব্যবহার করা যাবে।

  • শৃঙ্খলা: রাস্তা ব্লক করা যাবে না, সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না বা সরকারি আধিকারিকদের উপর কোনও আক্রমণ করা যাবে না।

  • মন্তব্য: অবস্থান মঞ্চ থেকে কোনওরকমের বিদ্বেষ বা প্ররোচনামূলক মন্তব্য করা যাবে না।

  • যোগাযোগ: কম করে ৫ জন আয়োজকের ফোন নম্বর স্থানীয় পুলিশকে দিয়ে রাখতে হবে।

পার্শ্ব শিক্ষকদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে—২০১৮ সালের পর থেকে বন্ধ থাকা বেতন বৃদ্ধি পুনরায় শুরু করা, শূন্যপদ দ্রুত পূরণ করা এবং ইপিএফ (EPF) চালু করা। তাঁদের অভিযোগ, বিকাশ ভবন থেকে ফাইল নবান্নে গেলেও রাজ্য সরকার এ বিষয়ে কোনও পদক্ষেপ করছে না।

এক প্রতিবাদী পার্শ্ব শিক্ষক উদ্বেগ প্রকাশ করে বলেন, “চলতি বছরের অগস্ট মাসেই বেতন বৃদ্ধির ফাইল নবান্নে পাঠানো হয়েছে। কিন্তু তাঁরা হাত তুলে দিয়েছে। সাফ জানিয়ে দিয়েছে, সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। ৯১ হাজার পার্শ্ব শিক্ষকের সংসার আর চলছে না। মাননীয়া মুখ্যমন্ত্রী সংসারটা চালানোর জন্য কিছু ব্যবস্থা করুন।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy