‘লোকবন্ধু পার্টির’ নামে জালিয়াতির ছক! SIR ফর্ম ফিলাপে OTP নিয়ে বারাসাতে আটক ৮ যুবক

উত্তর ২৪ পরগনার বারাসাত থানার কদম্বগাছি স্টেশন সংলগ্ন এলাকায় SIR ফর্ম ফিলাপকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার স্থানীয়দের সন্দেহ হওয়ায় ভুয়ো পরিচয় দেওয়া আটজন যুবককে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

জানা গেছে, কয়েকজন যুবক সেখানে ব্যানার টাঙিয়ে সাধারণ মানুষের মোবাইল নম্বর নিয়ে ওটিপি (OTP) ব্যবহার করে SIR ফর্ম ফিলাপ করাচ্ছিলেন। তাদের পোশাক ছিল ধোপদূরস্ত, গলায় ছিল আই-কার্ড এবং হাতে ছিল ল্যাপটপ। নিজেদের তারা দিল্লি থেকে আসা “লোকবন্ধু পার্টির” সদস্য বলে দাবি করেন।

তবে স্থানীয়দের মধ্যে তখনই সন্দেহ জাগে, যখন তাঁরা দেখেন—নির্বাচনী ফর্ম ফিলাপের মতো গুরুত্বপূর্ণ কাজে কেন ওটিপি-র প্রয়োজন হচ্ছে? তার থেকেও বড় প্রশ্ন, কেন এলাকার পরিচিত BLO (বুথ লেভেল অফিসার) বা BLA (বুথ লেভেল এজেন্ট) নন, সম্পূর্ণ অচেনা ব্যক্তিরা এই কাজ করছেন?

সন্দেহে ফেটে পড়েন স্থানীয়রা এবং সঙ্গে সঙ্গে ওই আট যুবককে আটকে রেখে বারাসাত থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটজনকেই আটক করে থানায় নিয়ে যায়। এই গোটা ঘটনার পিছনে তাদের আসল উদ্দেশ্য কী ছিল এবং তারা কী ধরনের জালিয়াতির ছক কষছিল, তা জানতে তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy