বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের বিপুল জয় উদযাপন করার ‘অপরাধে’ দিনহাটায় এক বিজেপি নেতাকে পুলিশ গ্রেফতার করেছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার (১৫ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ তুলে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে দাবি করেছেন, “কোচবিহার বিজেপি সাংগঠনিক জেলা সম্পাদক শ্রী অজয় রায়কে স্রেফ বিহারে এনডিএ-এর বিপুল জয় উদযাপন করার ‘অপরাধে’ দিনহাটায় গ্রেফতার করে টেনে হিঁচড়ে নিয়ে গেল দলদাস পুলিশ!” বিরোধী দলনেতার অভিযোগ, এই ‘বেআইনি গ্রেফতারের’ মূল কাণ্ডারী হলেন দিনহাটা থানার আইসি জয়দেব মোদক এবং এসআই আশরফ আলম।
পুলিশের বিরুদ্ধে দলদাসের মতো কাজ করার অভিযোগ তুলে শুভেন্দুবাবু লেখেন, এই অন্যায় কাজ করা হয়েছে “শ্রী কমল গুহ’র কুপুত্র, যাকে জাতীয় মানবাধিকার কমিশন মহামান্য কলকাতা হাইকোর্টে নির্বাচন পরবর্তী হিংসার মামলায় ‘ক্রিমিনাল’ বলে উল্লেখ করেছেন, তার নির্দেশেই।” তাঁর আরও অভিযোগ, তৃণমূল দল বিজেপি নেতাদের প্রতি গাত্রদাহ মেটাতে পুলিশকে যত্রতত্র এভাবে অপব্যবহার করে থাকে।
শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গ্রেফতার হওয়া নেতা অজয় রায়ের পাশে রয়েছে এবং এই বিচার বহির্ভূত আইনের দুর্ব্যবহারের মোকাবিলা সর্বোচ্চ শক্তি দিয়ে করা হবে।