বিহারে জাতীয় গণতান্ত্রিক জোট (NDA)-এর ঐতিহাসিক এবং বিপুল জয়কে ‘গণতন্ত্র ও উন্নয়নের জন্য এক অসাধারণ মুহূর্ত’ বলে অভিহিত করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার নিজের X (আগের টুইটার) হ্যান্ডেলে এই মন্তব্য করে তিনি বিহারের জনগণকে ঐতিহাসিক জনাদেশ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
শুভেন্দু অধিকারী বিশেষভাবে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি লেখেন, “এই গৌরবময় বিজয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অতুলনীয় দূরদর্শী নেতৃত্বের প্রতি চূড়ান্ত শ্রদ্ধাঞ্জলি।” বিরোধী দলনেতার দাবি, মোদীর নির্দেশনায় NDA-র কল্যাণ, অবকাঠামো এবং নারী শক্তির ক্ষমতায়নের উপর বিশেষ মনোযোগই প্রতিটি চ্যালেঞ্জের বিরুদ্ধে জোয়ার ঘুরিয়ে দিয়েছে।
NDA-র এই বিশাল জয়ের জন্য শুভেন্দুবাবু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী নিতীশ কুমার, দুই সদ্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা এবং বিজেপি-র বিহার রাজ্য সভাপতি ডঃ দিলীপ জয়সওয়ালকে অভিনন্দন জানিয়েছেন।
তাঁর বার্তায় তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয় মন্ত্র— ‘সবকা সাথ, সবকা বিকাশ’ (সবার সঙ্গে, সবার উন্নয়ন)— বিহারের জন্য এক উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের পথ আলোকিত করে চলবে। শুভেন্দুবাবু তাঁর এই বার্তায় জাতীয় বিজেপি এবং রাজ্য বিজেপি-র X হ্যান্ডেলগুলিকে ট্যাগ করেন।