‘দু’দিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল পেয়েছি’, শুভেন্দু অধিকারীর চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে হইচই

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার সরাসরি পাকিস্তান থেকে হুমকি ফোন পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ করলেন। বৃহস্পতিবার শিলিগুড়ি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দু’দিন আগেও আমি পাকিস্তান থেকে থ্রেট কল পেয়েছি। যাদের জানাবার জানিয়েছি।” তাঁর এই অভিযোগের পর রাজ্য রাজনীতিতে জোর আলোচনা শুরু হয়েছে।

এর আগে নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকেই মাওবাদীদের হুমকিতে প্রাণের ঝুঁকির কারণে শুভেন্দু অধিকারী বাড়তি নিরাপত্তা পেয়ে থাকেন। এবার তাঁর অভিযোগের নিশানায় সরাসরি বিদেশি শক্তি।

হুমকির কল রেকর্ডিংয়ে কী ছিল?

সূত্র মারফত জানা গিয়েছে, সম্প্রতি বিরোধী দলনেতার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে একটি কল আসে, যা রেকর্ড করা হয়। রেকর্ডিংয়ে ফোনকারী ব্যক্তিকে বলতে শোনা যায়: “আমি পাকিস্তান থেকে কথা বলছি। একটু সামলে থাকবেন। না-হলে উড়ে যাবেন। ভারতে এই উড়ে গেল না অনেকে। উড়ে যাবেন। একটু সামলে থাকুন। কোনও একদিন ডাকব, তখন আর ফিরে যেতে পারবেন না। আপনার রাস্তা হারিয়ে যাবে।”

যদিও, যে নম্বর থেকে ফোনটি এসেছিল, সেটি বিদেশের হলেও, সূত্র মারফত জানা গেছে, ফোন এসেছিল সৌদি আরব থেকে। হুমকি দেওয়া ব্যক্তি নিজেকে ‘পাকিস্তান থেকে বলছি’ বলে পরিচয় দিলেও, নম্বরটি বিদেশের।

শুভেন্দু অধিকারী সাংবাদিকদের জানান, বাংলাদেশ থেকেও প্রায় প্রতিদিনই তাঁর কাছে হুমকি ফোন আসে। তিনি বলেন, “আমরা থ্রেট কল খাই…এরা প্রতিদিনই করে। বাংলাদেশ থেকে তো প্রতিদিনই করে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর সবাই জানে।” এই বিষয়ে তিনি ইতিমধ্যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে জানিয়েছেন।

প্রসঙ্গত, সম্প্রতি দিল্লিতে লালকেল্লার অদূরে বিস্ফোরণ এবং এরপর এনআইএ-এর তদন্ত, বিশেষ করে মুর্শিদাবাদের নবগ্রামে তল্লাশির প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে, তখনই তিনি নিজের ওপর আসা এই বিদেশি হুমকির কথা তুলে ধরেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy