নয়াদিল্লি: জাতীয় রাজধানী দিল্লিতে বায়ু দূষণের মাত্রা দৈনিক ভিত্তিতে উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে, যা সমস্ত স্তরে গভীর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিকে ‘খুব গুরুতর’ বা ‘ভীষণ গুরুতর’ (Very Grave) আখ্যা দিয়ে এবার কড়া মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। দূষণের মাত্রা বাড়ায় উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত প্রবীণ আইনজীবীদের সরাসরি কোর্টে না এসে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানিতে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছে।
বিচারপতি পিএস নরসিমা কোর্টরুমে উপস্থিত প্রবীণ আইনজীবীদের উদ্দেশে বলেন, “দূষণের পরিস্থিতি খুবই খারাপ। আপনারা এখন সবাই কোর্টে আসছেন কেন! সুপ্রিম কোর্টে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেও শুনানির সুবিধা রয়েছে। আপনারা সেটা ব্যবহার করুন। দূষণের ক্ষতি স্থায়ী হতে পারে।”
এক প্রবীণ আইনজীবী কপিল সিব্বল যখন বলেন যে তাঁরা মাস্ক ব্যবহার করছেন, তখন বিচারপতি নরসিমা সতর্ক করে দিয়ে বলেন, “এমন পরিস্থিতিতে মাস্কও যথেষ্ট নয়। এটাও খুব বেশি কাজে আসতে পারে না।” তিনি আরও জানান যে এই পরিস্থিতিতে কী করা যায়, তা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গেও আলোচনা করা হবে। বিচারপতি পিএস নরসিমা এবং বিচারপতি অতুল এস চান্দুরকরের বেঞ্চ প্রবীণ আইনজীবীদের ব্যক্তিগত উপস্থিতির বিষয়ে এই মন্তব্য করে।
এদিকে, দিল্লি ও তার পার্শ্ববর্তী শহরগুলিতে বায়ু দূষণের পরিস্থিতি লাগাতার ‘গুরুতর’ (Severe) শ্রেণিতেই রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (CPCB) প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুসারে, বৃহস্পতিবার সকালেও AQI ৪0৪ রেকর্ড করা হয়েছে। এই ‘গুরুতর’ AQI সুস্থ মানুষের জন্যও গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এবং শ্বাস বা হৃদরোগে আক্রান্তদের উপর মারাত্মক প্রভাব ফেলে। রাজধানীতে দূষণের কারণে রাস্তাঘাট ও অট্টালিকাগুলিও আবছা দেখা যাচ্ছে।
দিল্লির কিছু এলাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI):
বুরারি: ৪৩৩
চাঁদনি চক: ৪৫৫
আনন্দ বিহার: ৪৩১
মুন্ডকা: ৪৩৮
বাপাওয়ালা: ৪৬০
ওয়াজিরপুর: ৪৫২
আইটিও: ৪৩৪
আর কে পুরম: ৪৪১