নির্বাচনী প্রচারের মধ্যে লালু-ঘনিষ্ঠ এক দাপুটে নেতা খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন। তবুও শ্রীঘর-বাস আটকাতে পারল না তাঁর জয়। মোকামার (Mokama) বাহুবলী নেতা অনন্ত সিং (Anant Singh) আরজেডি প্রার্থী বীনা দেবীকে ২৮,২০৬ ভোটের বিশাল ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয় হাসিল করলেন। শুক্রবার ভোট গণনার প্রথমার্ধ থেকেই বীনা দেবীর থেকে বড় ব্যবধানে এগিয়ে ছিলেন এই জেডিইউ নেতা।
বিহার বিধানসভা নির্বাচনে অনন্ত সিং মোট ৯১,৪০৬ ভোট পেয়েছেন। অন্যদিকে, তাঁর প্রধান প্রতিপক্ষ আরজেডি প্রার্থী বীনা দেবী পেয়েছেন ৬৩,২১০ ভোট।
জেলবন্দী এই প্রাক্তন বিধায়কের সমর্থনে মোকামায় পোস্টার পড়তে দেখা গিয়েছিল, যেখানে লেখা ছিল, “জেল কা ফটক টুটেগা, হামারা শের ছুটেগা”, যার অর্থ, ‘জেলের দরজা ভাঙবে, আমাদের বাঘ বেরয়ে আসবেন’। এই বিপুল জয় সেই স্লোগানকেই যেন সার্থক করে তুলল।
এই আসনের ফলাফল কেবল মোকামা নয়, পুরো পাটনা জেলার রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ঐতিহ্যের দিক থেকে মোকামা আসনে পেশীশক্তি এবং প্রভাবশালী ব্যক্তিত্বরা রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছেন এবং এবারও সেই প্রতিযোগিতা তীব্র হয়েছিল।
প্রসঙ্গত, ৩০ অক্টোবর মোকামার ঘোসবাড়ি থানা এলাকায় জন সুরজের সমর্থক ও লালু-ঘনিষ্ঠ নব্বই দশকের দাপুটে নেতা দুলালচন্দের (Dulalchand) সঙ্গে জেডিইউ-এর অনন্ত সিংয়ের মিছিলের সংঘর্ষে দুলালচন্দের মৃত্যু হয়। এই ঘটনায় ২ নভেম্বর অনন্ত সিং সহ তাঁর দুই সহকর্মী মনিকান্ত ঠাকুর ও রঞ্জিত রামকে গ্রেফতার করে পুলিশ।