প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলের সামনে এক ব্যক্তির বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার গুরুতর অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, গত ১১ নভেম্বর হোস্টেলের সংলগ্ন একটি পার্কে এক ব্যক্তি এসে ছাত্রীদের হেনস্থা করে। গোটা ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে অভিযোগ দায়ের করেছেন বিক্ষুব্ধ ছাত্রীরা।
তবে এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষোভের জন্ম দিয়েছে কর্তৃপক্ষের ভূমিকা। ছাত্রীদের অভিযোগ, গার্লস হোস্টেলের সুপারকে ঘটনার কথা জানানো হলেও তিনি কোনও পদক্ষেপ করেননি। উল্টে সুপার নাকি ছাত্রীদের উপরেই দোষারোপ করেছেন। গত ১১ নভেম্বরের ঘটনা নিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গার্লস হোস্টেলের ফেসবুক পেজে ক্ষোভ উগরে দিয়ে নিজেদের অভিযোগ প্রকাশ করেন ছাত্রীরা।
বিশ্ববিদ্যালয় ছাত্রীদের তরফে এই অভিযোগ করার জেরে শেষমেশ একাধিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গার্লস হোস্টেলের সুরক্ষার কথা ভেবে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আরও সিসিটিভি ক্যামেরা লাগানো এবং সুইমিং পুলমুখী যে দেয়ালটি রয়েছে সেটি এসবেসটাস দিয়ে পুরোপুরি ঢেকে দেওয়া।
পাশাপাশি, প্রেসিডেন্সি কর্তৃপক্ষ বিধাননগর পুলিশ কমিশনারেটকে অনুরোধ করেছে, যাতে গার্লস হোস্টেলের সংলগ্ন এলাকায় প্রতিনিয়ত পুলিশি পেট্রোলিং করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এলেও অভিযুক্ত ব্যক্তিকে ধরা সম্ভব হয়নি, কারণ সে ততক্ষণে পালিয়ে গিয়েছিল।