আইপিএল ২০২৬ (IPL 2026)-এর আগে রিটেনশন তালিকা ঘোষণার পর কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবির থেকে এল সবচেয়ে বড় চমক। গত মরসুমের হতাশাজনক পারফরম্যান্সের পর দল ঢেলে সাজানোর ইঙ্গিত স্পষ্ট। নাইটরা এবার নিলামে রেকর্ড পরিমাণ অর্থ নিয়ে নামতে চলেছে।
অধিনায়কত্বে ফিরছেন রাহানে?
গত মরশুমে কেকেআরের অধিনায়ক হিসেবে দেখা গিয়েছিল অজিঙ্ক রাহানেকে। তাঁর নেতৃত্বে ১৪টি ম্যাচের মধ্যে কেকেআর মাত্র পাঁচটি জয় পাওয়ায় পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে শেষ করেছিল। তবে আগামী মরশুমের আগে নাইট টিম ম্যানেজমেন্ট রাহানেকে রিটেন করার সিদ্ধান্ত নিয়েছে।
কেকেআরের তরফে এখনও অফিশিয়াল বিবৃতি না দেওয়া হলেও, সূত্রের খবর অনুযায়ী, রাহানেকেই সম্ভবত ফের একবার কেকেআরের ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে। রাজ্য দল মুম্বইয়ের অধিনায়ক হিসেবে তাঁর সাফল্যের অভিজ্ঞতা রয়েছে। সবচেয়ে বড় কথা, ২০২০-২১ মরশুমে তাঁর নেতৃত্বেই ভারত অস্ট্রেলিয়া সফরে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করেছিল, যেখানে অ্যাডিলেডের লজ্জার হারের পর মেলবোর্নে রাহানে লড়াকু শতরান হাঁকিয়েছিলেন। কেকেআর শিবির তাঁর এই অভিজ্ঞ নেতৃত্বকে কাজে লাগাতে মরিয়া।
আন্দ্রে রাসেলকে ছেঁটে ফেলা হলো!
এদিনের রিটেনশন তালিকায় সবচেয়ে বড় ধাক্কা হল আন্দ্রে রাসেলের না থাকা। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ২০১৪ সাল থেকে কেকেআরের হয়ে খেলা রাসেল দুইবার টুর্নামেন্ট সেরা হয়েছেন এবং কেকেআরকে দুই খেতাব জেতাতে সাহায্য করেছেন। তাঁকে নাইটদের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে গণ্য করা হয়। এমনকী, ২০২০ সালেও কেকেআর সিইও বেঙ্কি মাইসোর বলেছিলেন, রাসেল যতদিন টি-টোয়েন্টি খেলবেন, ততদিন কেকেআরের জার্সিতেই খেলবেন। গত বছরও ১২ কোটি টাকার বিনিময়ে তাঁকে রিটেন করা হয়েছিল।
রাসেল ছাড়াও কুইন্টন ডিকক, রহমানুল্লা গুরবাজ এবং গতবার সর্বাধিক দামে কেনা বেঙ্কটেশ আইয়ার-সহ মোট নয়জন ক্রিকেটারকে নিলামের আগে ছেড়ে দিয়েছে কেকেআর। এই মেগা তারকাদের ছেড়ে দেওয়ায় আসন্ন নিলামে কেকেআর ৬৪.৩ কোটি টাকার বিশাল পার্স নিয়ে নামবে, যা বাকি সব ফ্র্যাঞ্চাইজির তুলনায় অনেক বেশি। এর থেকেই বোঝা যাচ্ছে, গতবারের হতাশা কাটিয়ে কেকেআর এবার নতুনভাবে দল গড়ার লক্ষ্যে রয়েছে।