ভারত-বাংলাদেশ সীমান্ত পথে ফের একবার বড়সড় সোনা পাচারের ছক ভেস্তে দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের তারালি সীমান্ত থেকে প্রায় ৯৮ লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুটসহ এক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে এই ভারত-বাংলাদেশ সীমান্তে সোনার বিস্কুট, মাদকসহ পাচারকারীদের বারবার বিএসএফ-এর জালে ধরা পড়ার ঘটনা উঠে আসছে। এদিন ভোররাতে তারালি বিএসএফ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এই পাচারকারীকে আটক করা হয়।
কৃষক সেজে পাচারের চেষ্টা:
পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে তারালি বিএসএফ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এক ব্যক্তি কৃষক সেজে সীমান্তের দিকে যাচ্ছিলেন। ওই ব্যক্তির নাম আছিরুদ্দিন সরদার। তাঁর গতিবিধিতে সন্দেহ হওয়ায় কর্তব্যরত সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা তাঁকে আটক করে এবং বিস্তারিত তল্লাশি চালায়।
তল্লাশি চালিয়ে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা আছিরুদ্দিনের লুঙ্গির কোমরে গোঁজা একটি প্যাকেট থেকে ছ’টি সোনার বিস্কুট উদ্ধার করেন। উদ্ধার হওয়া এই সোনার বিস্কুটগুলির বাজারমূল্য প্রায় ৯৮ লক্ষ টাকা।
আটক পাচারকারী ও উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি পরবর্তী তদন্তের জন্য তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। কর্মকর্তাদের মতে, এই ঘটনার সঙ্গে কোনো আন্তর্জাতিক পাচারচক্রের যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত এলাকা জুড়ে সোনা ও মাদক পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় সতর্কতা আরও কঠোর করেছে বিএসএফ।