আজ ১৩ মার্চ, বকেয়া মহার্ঘ ভাতার (DA) দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ। সংগ্রামী যৌথ মঞ্চসহ একাধিক কর্মচারী সংগঠনের ডাকে রাজ্যজুড়ে পালিত হচ্ছে পূর্ণ ধর্মঘট। স্কুল-কলেজ থেকে সরকারি দফতর—সর্বত্রই পিকেটিংয়ের ছবি উঠে আসছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ডিএ-র বকেয়া ২৫ শতাংশ মেটানোর কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এই কর্মবিরতির পথে হেঁটেছেন সরকারি কর্মীরা।
আন্দোলন মোকাবিলায় নবান্ন নিয়েছে কঠোর অবস্থান। অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, আজ কোনো ধরনের পূর্ণ বা অর্ধদিবস ছুটি মঞ্জুর করা হবে না। চিকিৎসা সংক্রান্ত বা মাতৃত্বকালীন ছুটির বাইরে কোনো কর্মচারী অনুপস্থিত থাকলে তাঁদের ‘শোকজ’ করা হবে। সন্তোষজনক উত্তর না মিললে একদিনের বেতন কাটা এবং সেই দিনটিকে ‘নন ডাইস’ হিসেবে গণ্য করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কর্মচারীদের মূল দাবি কেবল ডিএ নয়, এর সাথে রয়েছে ছয় লক্ষ শূন্যপদে স্বচ্ছ নিয়োগ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ী করার জোরালো দাবি। এই ধর্মঘটকে ঘিরে রাজনৈতিক মেরুকরণও স্পষ্ট। বিজেপি, বামফ্রন্ট এবং বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটকে নৈতিক সমর্থন জানিয়েছে।
এদিকে, রাজ্যজুড়ে আন্দোলনে ইতিবাচক সাড়া পাওয়ার দাবি জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। একদিকে বকেয়া আদায়ে সরকারি কর্মচারীদের জেদ, অন্যদিকে প্রশাসনিক কড়াকড়ি—এই দ্বন্দ্বে রাজ্যের প্রশাসনিক পরিষেবা কতটা সচল থাকবে, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। পরিস্থিতির ওপর নজর রাখছে সব মহল।