২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার ঠিক আগেই উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে বড়সড় রাজনৈতিক পটপরিবর্তন ঘটল। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রায় ৮ হাজার ভোটে পিছিয়ে থাকলেও, এবার হাইভোল্টেজ ভোটের মুখে জমি পুনরুদ্ধারে সফল হল শাসকদল। সোমবার ধামাখালিতে আদিবাসী সংগঠনের নেতৃত্বসহ বিজেপির প্রায় ৫০ জন স্থানীয় নেতা ও কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন।
সন্দেশখালি ২ নম্বর ব্লকের সভাপতি দিলীপ মল্লিক ও বিদায়ী বিধায়ক সুকুমার মাহাতর উপস্থিতিতে এই দলবদল সম্পন্ন হয়। তৃণমূল প্রার্থী ঝর্ণা সরদারের সমর্থনে এদিন আদিবাসী নেতাদের গলায় শোনা গেল ক্ষোভের সুর। আদিবাসী নেতা দিলীপ সরদার ও ভোলানাথ গিরি সরাসরি অমিত শাহর বিরুদ্ধে ‘সারনা ধর্ম’-এর স্বীকৃতি আটকে রাখার অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, কেন্দ্র যখন বঞ্চনা করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একজন আদিবাসী মহিলাকে প্রার্থী করে নারী শক্তিকে সম্মান জানিয়েছেন।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শেখ শাহজাহান ইস্যু নিয়ে বিজেপি যে হাওয়া গরম করতে চেয়েছিল, এই দলবদল তার তীব্র প্রত্যুত্তর। সুকুমার মাহাতের দাবি, লোকসভা ভোটে মানুষ ভুল বুঝলেও এবার ঝর্ণা সরদারের জয় শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে, এই ভাঙন নিয়ে মুখে কুলুপ এঁটেছে বসিরহাট জেলা বিজেপি নেতৃত্ব।




