দক্ষিণ-পশ্চিম দিল্লির পালাম এলাকায় বুধবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের আটজন সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনটি শিশু রয়েছে বলে জানা গেছে। ঘিঞ্জি এলাকার একটি পাঁচতলা ভবনে আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা ভয়াবহ রূপ নেয়। প্রাণ বাঁচাতে ভবনটি থেকে দুই ব্যক্তি নিচে ঝাঁপ দেন, বর্তমানে তাঁরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
দমকল সূত্রে খবর, সকাল ৭টা নাগাদ পালাম মেট্রো স্টেশনের কাছে অবস্থিত ওই বহুতলটিতে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩০টি ইঞ্জিন। ভবনটির বেসমেন্ট এবং প্রথম দুটি তলায় কাপড় ও প্রসাধন সামগ্রীর গুদাম ছিল, আর দ্বিতীয় ও তৃতীয় তলাটি ছিল আবাসিক। গুদামের দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা।
দমকল কর্মীরা তিন শিশুসহ আটজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। সরু গলির কারণে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয় দমকল বাহিনীকে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও বর্তমানে সেখানে ‘কুলিং অপারেশন’ চলছে। পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা রাজধানী জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।