নির্বাচনী উত্তাপের মাঝেই ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর দপ্তরে হাজিরা দিলেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক দেবাশীষ কুমার। জমি দুর্নীতি মামলায় নাম জড়ানোয় শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। এর আগে গত ৩০ মার্চও তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
ইডি সূত্রে খবর, সরকারি ও বেসরকারি জমি জাল নথির মাধ্যমে দখল করা এবং সেখানে অবৈধ নির্মাণের গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি ‘বেঙ্গল এনার্জি’ নামে একটি বেসরকারি সংস্থার দুই শীর্ষ কর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করে ইডি। সেই নথিগুলোতেই দেবাশীষ কুমারের নাম উঠে আসে বলে দাবি তদন্তকারীদের। আজ সেই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়েই হাজিরা দিয়েছেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা।
তদন্তকারীদের স্ক্যানারে এখন মূলত দুটি বিষয়—জমি দখলের নেপথ্যে আর্থিক লেনদেন এবং ওই বেসরকারি সংস্থার সাথে বিধায়কের যোগসূত্র। ভোটের ঠিক আগে দ্বিতীয় দফায় এই জেরা রাসবিহারী কেন্দ্রে তৃণমূলের জন্য বড়সড় বিড়ম্বনা তৈরি করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।





