নাম থাকবে তো? ২৪ লক্ষের নিষ্পত্তি হলেও বাকিদের নিয়ে চরম উৎকণ্ঠা, কমিশন কি পারবে সময়মতো তালিকা দিতে?

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলেও কাটছে না ‘সাপ্লিমেন্টারি ভোটার তালিকা’ ঘিরে ধোঁয়াশা। রাজ্যের প্রায় ৬০ লক্ষ ‘বিচারাধীন’ ভোটারের ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে। প্রশাসনিক সূত্রে ইঙ্গিত ছিল যে চলতি সপ্তাহের বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যেই বহু প্রতীক্ষিত এই তালিকা প্রকাশিত হবে, কিন্তু বাস্তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো ঘোষণা মেলেনি। ফলে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।

বৃহস্পতিবার দিনভর কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর— সর্বত্রই ছিল টানটান উত্তেজনা। প্রধান বিচারপতি সুজয় পালের ডাকে উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত এবং কলকাতার পুলিশ কমিশনার। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তালিকা প্রকাশের প্রস্তুতি নিয়ে দফায় দফায় আলোচনা হলেও কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। পরে মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালের উপস্থিতিতে সিইও অফিসের আধিকারিকরা বৈঠকে বসলেও মেলেনি রফাসূত্র।

কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত মাত্র ২৪ লক্ষ ভোটারের তথ্য যাচাই ও নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। বিশাল এক অংশের নাম এখনও ঝুলে রয়েছে। হাতে সময় অত্যন্ত কম; আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ এবং ৪ মে ফলাফল। এই অবস্থায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশে দেরি হলে বড়সড় প্রশাসনিক ও রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন প্রশ্ন একটাই— শুক্রবার কি মিলবে সুখবর, না কি ঈদের পরেই জানা যাবে ৬০ লক্ষ মানুষের ভোটাধিকারের ভাগ্য? উত্তরের অপেক্ষায় গোটা বাংলা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy