“দেখা হচ্ছে বন্ধু!” মোদি-ম্যাক্রোঁ দ্বিপাক্ষিক বৈঠকে কাঁপবে বাণিজ্য নগরী, নজরে ‘AI ইমপ্যাক্ট সামিট’

মঙ্গলবার ভোররাতে এক বিশেষ কূটনৈতিক আবহে মুম্বই বিমানবন্দরে পা রাখলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে তাঁর সঙ্গে রয়েছেন এক বিশাল বাণিজ্যিক ও সাংস্কৃতিক প্রতিনিধিদল। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ভারতের মাটিতে পা রাখার আগেই ম্যাক্রোঁ এক্স হ্যান্ডেলে মোদিকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে দ্বিপাক্ষিক সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দেন। পাল্টা জবাবে প্রধানমন্ত্রীও ফরাসি ও ইংরেজি ভাষায় প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে বিশ্বব্যাপী অগ্রগতির আশাপ্রকাশ করেছেন।

ম্যাক্রোঁর এই সফর মূলত ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-কে কেন্দ্র করে। মঙ্গলবার বিকেলে দক্ষিণ মুম্বইয়ের লোকভবনে দুই রাষ্ট্রপ্রধান এক মেগা দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এরপর তাঁরা যৌথভাবে ‘ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ ২০২৬’-এর শুভ সূচনা করবেন। প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি এবং স্টার্ট-আপ সেক্টরে সহযোগিতার নতুন পথ প্রশস্ত করতে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাণিজ্য থেকে প্রযুক্তি—সব ক্ষেত্রেই দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে মজবুত করাই এই হাই-ভোল্টেজ সফরের মূল লক্ষ্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy