অসমের রণক্ষেত্রে তৃণমূলের ‘টিম ১৭’, বিজেপির জয় আটকাতে সুস্মিতাদের মাস্টারস্ট্রোক!

আসন্ন অসম বিধানসভা নির্বাচনে শাসকদল বিজেপির বিজয় রথ আটকাতে বড়সড় ঘুঁটি সাজাল তৃণমূল কংগ্রেস। শুক্রবার রাতে অসমের গুরুত্বপূর্ণ ১৭টি বিধানসভা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল ঘাসফুল শিবির। কাছাড়, কোকরাঝাড়, তিনসুকিয়া, কামরূপ, গোয়ালপাড়া এবং ধুবরির মতো হাই-প্রোফাইল আসনগুলিতে প্রার্থী দিয়েছে জোড়াপুল।

তৃণমূল নেত্রী সুস্মিতা দেব স্পষ্ট জানিয়েছেন, অসমে তাদের এক নম্বর রাজনৈতিক শত্রু বিজেপি। তাই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত সচেতন পদক্ষেপ নেওয়া হয়েছে। দলের লক্ষ্য পরিষ্কার—এমন কোনও আসনে প্রার্থী দেওয়া হবে না যেখানে তৃণমূলের উপস্থিতিতে ভোট ভাগাভাগির সুবিধা বিজেপি পায়। তৃণমূল নেতা দুলু আহমেদ জানিয়েছেন, যেখানে কংগ্রেস বা বিরোধী জোটের জেতার সম্ভাবনা প্রবল, সেখানে বিজেপিকে বাড়তি সুবিধা না দিতেই প্রার্থী দেয়নি তৃণমূল।

তৃণমূলের প্রকাশিত তালিকায় উল্লেখযোগ্য নামগুলি হল—কোকরাঝাড়ের বাওখুঁগ্রী থেকে উদাংশ্রী নার্জারি, ধুবড়ীর বিলাসীপাড়া থেকে মোমিনুর ইসলাম এবং জলেশ্বর থেকে আরিফ আকবর আহমেদ। এছাড়াও কল্যাণী কলিতা, বিকাশ নাথ যোগী ও আমিরুল ইসলামের মতো মুখগুলিকে সামনে আনা হয়েছে। অন্যদিকে, বিজেপি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-সহ ৮৮ জনের তালিকা প্রকাশ করেছে। জালুকবাড়ি থেকে লড়ছেন খোদ মুখ্যমন্ত্রী। এই হাই-ভোল্টেজ লড়াইয়ে তৃণমূলের এই ১৭ জন প্রার্থী সমীকরণ কতটা বদলাতে পারে, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy