ভোরের আলো ফোটার আগেই গ্যাস স্টেশনে অটো চালকদের দীর্ঘ সারি—রাজ্যজুড়ে এলপিজি সংকটের জেরে বর্তমানে এমনই উদ্বেগজনক পরিস্থিতি। অটো চালকদের অভিযোগ, সংকটকে পুঁজি করে অনেক পেট্রল পাম্পে বেআইনিভাবে সিলিন্ডার প্রতি ৫ থেকে ৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ৫৭ টাকা ৬৮ পয়সা থেকে দাম বেড়ে ৬২ টাকা ৬৮ পয়সা হওয়ায় নাভিশ্বাস উঠেছে চালকদের।
এদিকে সরকার নির্ধারিত ভাড়ায় অটো চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তাঁরা। এক অটো চালকের আক্ষেপ, “বেকারত্বের কারণে এই পেশায় এসেছি। সংসার চালানোই যেখানে দায়, সেখানে গ্যাসের বাড়তি দাম গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।” শুধু কলকাতা নয়, বাঁকুড়া, শিলিগুড়ি থেকে মেদিনীপুর—প্রায় প্রতিটি জেলাতেই একই ছবি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না অনেকেই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাস পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন এবং আজও আলোচনার কথা রয়েছে। কিন্তু সরকারি কোনো নির্দেশিকা ছাড়াই পাম্পগুলোতে কেন বাড়তি দাম নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অটো চালকরা। তাঁদের দাবি, অবিলম্বে এই অসাধু চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক প্রশাসন। পরিস্থিতির দ্রুত সমাধান না হলে আগামী দিনে জনজীবন আরও বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করছেন ওয়াকিবহাল মহল।