দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবিবার বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক হলো দফার সংখ্যা। গত কয়েক দশকের রেকর্ড ভেঙে ৮ দফার পরিবর্তে এবার মাত্র ২ দফায় ২৯৪টি আসনের ভোট সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দফায় ২৩ এপ্রিল ১৬টি জেলার ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল বাকি ৭ জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। নির্বাচনের ফল ঘোষণা করা হবে ৪ মে, সোমবার। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, সবপক্ষের সুবিধা এবং বিস্তারিত পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০১ সালে রাজ্যে শেষবার এক দফায় ভোট হয়েছিল। এরপর থেকে ধাপে ধাপে দফার সংখ্যা বাড়তে থাকে, যা ২০২১ সালে ৮ দফায় পৌঁছেছিল। ২০২৪-এর লোকসভা নির্বাচনের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে তৃণমূল ১৯২টি, বিজেপি ৯০টি, কংগ্রেস ১১টি এবং বামেরা ১টি আসনে এগিয়ে ছিল। সেই পরিসংখ্যানকে মাথায় রেখেই এবারের ২ দফার নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।