সোনার দামে ঐতিহাসিক ধস! এক ধাক্কায় ৭০০০ টাকা সস্তা, গয়না কেনার এটাই কি সেরা সময়?

বিশ্ব বাজারে অস্থিরতা আর মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার সরাসরি প্রভাব পড়ল ভারতের সোনা ও রুপোর বাজারে। সপ্তাহের প্রথম দিন সোমবারেই ভারতীয় বাজারে (MCX) দুই মূল্যবান ধাতুর দামে বড়সড় ধস দেখা গিয়েছে। গত কয়েক বছরের মধ্যে একদিনে এতখানি দাম কমে যাওয়াকে ‘ঐতিহাসিক’ বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

সোমবার বাজার খুলতেই দেখা যায়, প্রতি ১০ গ্রাম সোনার দাম প্রায় ৭,১১৫ টাকা কমে দাঁড়িয়েছে ১,৩৭,৩৭৭ টাকায়। শুধু সোনাই নয়, রুপোর দামেও লেগেছে বড় ধাক্কা। কেজি প্রতি রুপোর দাম একলপ্তে প্রায় ১৩,৬০৬ টাকা কমে ২,১৩,১৬৬ টাকায় ঠেকেছে। আন্তর্জাতিক বাজারেও সোনার দাম আউন্স প্রতি ৪,৩৭২ ডলারে নেমে এসেছে, যা প্রায় ২.৫ শতাংশ পতন।

বিশেষজ্ঞদের মতে, আমেরিকা-ইরান সংঘাত, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং ডলারের শক্তিশালী হওয়ার কারণে বিনিয়োগকারীরা এখন সতর্ক। টানা ৯ দিন ধরে সোনা ও রুপোর দাম পড়ছে। গত এক সপ্তাহেই সোনার দাম প্রায় ১০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। দিল্লির খোলা বাজারে ২৪ ক্যারেট সোনার দাম এখন ১,২৯,৮৮৮ টাকা (৮ গ্রাম), অন্যদিকে মুম্বইতে তা ১,১৬,৭৬৮ টাকায় নেমেছে। চেন্নাই ও হায়দরাবাদেও দামের বিশেষ হেরফের লক্ষ্য করা গিয়েছে। তবে বাজার এখন অত্যন্ত অস্থির থাকায় নতুন করে বড় বিনিয়োগ করার আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy