শীতের বেঙ্গল সাফারিতে ‘রয়্যাল’ এন্ট্রি! নতুন বছরে পর্যটকদের জন্য এল সবথেকে বড় উপহার

নতুন বছরের শুরুতেই পর্যটকদের জন্য দুর্দান্ত সুখবর বয়ে আনল উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্ক। বাঘ, সিংহ আর হিমালয়ান ব্ল্যাক বিয়ারের পর এবার পার্কে জন্ম নিল অতি বিপন্ন প্রজাতির ‘ম্যানড্রিল’ শাবক। আইইউসিএন-এর লাল তালিকাভুক্ত এই বিরল প্রজাতির বানরের প্রজননে অভাবনীয় সাফল্য পেল পার্ক কর্তৃপক্ষ।
দুই বছরের অপেক্ষা ও সাফল্য ২০২৩ সালের ডিসেম্বরে জামশেদপুর থেকে প্রাণী বিনিময় কর্মসূচির আওতায় তিনটি ম্যানড্রিল আনা হয়েছিল বেঙ্গল সাফারিতে। এদের জন্য প্রায় সাড়ে ২৩ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল বিশেষ এনক্লোজার। দীর্ঘ দু’বছরের যত্নের পর অবশেষে গত সপ্তাহে পুরুষ ম্যানড্রিল ‘বিষ্ণু’ ও সঙ্গিনী ‘নিয়তি’র কোল আলো করে এসেছে এক ফুটফুটে শাবক। গোটা রাজ্যের মধ্যে একমাত্র এই পার্কেই ম্যানড্রিল থাকায় খুশির হাওয়া বন দফতরে।
শীতের বিশেষ যত্ন বর্তমানে মা ও শাবক দুজনেই সুস্থ রয়েছে। উত্তরবঙ্গের হাড়কাঁপানো শীতে খুদে সদস্যের যাতে কষ্ট না হয়, তার জন্য এনক্লোজারে চটের বস্তা ও খড়ের ব্যবস্থা করা হয়েছে। মা নিয়তির ডায়েটেও আনা হয়েছে বিশেষ বদল। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, বিপন্ন প্রাণী সংরক্ষণে এটি একটি বড় পদক্ষেপ। বেঙ্গল সাফারির ডিরেক্টর ই বিজয় কুমার জানিয়েছেন, বাড়তি নজরদারিতে রাখা হয়েছে নতুন অতিথিকে। খুব শীঘ্রই পর্যটকরা এই খুদে সদস্যের দেখা পাবেন।