শনিবার ভারতজুড়ে চরম ভোগান্তির আশঙ্কা! ওলা-উবার ধর্মঘটে স্তব্ধ হতে পারে যাতায়াত, জানুন সময়সূচী

আগামী শনিবার অর্থাৎ ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে অ্যাপ-ভিত্তিক পরিবহণ পরিষেবা বড়সড় ধাক্কা খেতে চলেছে। তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন (TGPWU) এবং একাধিক জাতীয় শ্রমিক সংগঠনের ডাকে ওইদিন দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ওলা, উবার এবং র‍্যাপিডোর চালকরা অন্তত ছয় ঘণ্টার জন্য ‘অফলাইন’ থাকবেন বলে জানা গিয়েছে, যার ফলে দেশের বড় শহরগুলিতে ক্যাব, অটো এবং বাইক ট্যাক্সি পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

চালকদের এই আন্দোলনের মূল কারণ ‘মোটর ভেহিকল অ্যাগ্রিগেটর গাইডলাইন্স ২০২৫’। চালক সংগঠনগুলির অভিযোগ, এই নতুন গাইডলাইন জারি হওয়ার পরেও অ্যাগ্রিগেটর সংস্থাগুলি কোনো স্বচ্ছতা ছাড়াই ভাড়ার হার নির্ধারণ করছে। এর ফলে চালকদের আয় ব্যাপক হারে কমেছে এবং তাঁরা ক্রমাগত শোষণের শিকার হচ্ছেন। সংগঠনের পক্ষ থেকে ‘অল ইন্ডিয়া ব্রেকডাউন’ কর্মসূচির মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে অবিলম্বে ন্যূনতম মূল ভাড়া (Base Fare) বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশের দাবি জানানো হয়েছে।

চালকদের দাবি, জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণের খরচ বাড়লেও তাঁদের আয়ের ওপর নজর দেওয়া হচ্ছে না। ৭ ফেব্রুয়ারি শনিবার সপ্তাহের ব্যস্ততম দিনগুলির একটি হওয়ায় ভোগান্তির মাত্রা আরও বেশি হবে বলে মনে করা হচ্ছে। জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য যাত্রীদের আগেভাগেই বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy