মঙ্গলবার পূর্ণ হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দীর্ঘ ও যন্ত্রণাদায়ক চারটি বছর। হাজারো বৈঠক এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপের পরেও মেলেনি দীর্ঘমেয়াদী শান্তিপ্রস্তাব। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি যে রক্তক্ষয়ী লড়াইয়ের সূচনা হয়েছিল, আজ তা এক জটিল ভূ-রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে।
গত চার বছরের টাইমলাইন লক্ষ্য করলে দেখা যায়, যুদ্ধের গতিপ্রকৃতি বারবার বদলেছে। ২০২২-এর শুরুতে খেরসন ও মারিউপল দখল করে রাশিয়া শক্তি প্রদর্শন করলেও, খারকিভ ও খেরসনের একাংশ থেকে ইউক্রেনীয় সেনার প্রত্যাঘাত পুতিন বাহিনীকে পিছু হঠতে বাধ্য করেছিল। ২০২৪ সালে ড্রোন এবং মিসাইল যুদ্ধের দাপট বাড়ার পর, ২০২৫-এর গোড়ায় হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে নতুন মোড় আসে। ২০২৫ সালের নভেম্বরে আমেরিকার প্রস্তাবিত শান্তিচুক্তিতে ইউক্রেনকে জমি ছাড়তে বাধ্য করার বিষয়টি সামনে আসে। ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশানাল স্টাডিস’-এর চাঞ্চল্যকর দাবি অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত এই যুদ্ধে প্রায় ১২ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আজও শান্তি খুঁজছে ইউক্রেন।