বিগ বসের প্রথম ক্যাপ্টেন ইয়াং ডিএসএ! সিংহাসনে বসেই কার সঙ্গে লাগল তুমুল লড়াই?

রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এ নাটক, আবেগ এবং কৌশলের লড়াই এখন চরমে। শো তার প্রথম ক্যাপ্টেন পেয়ে গেছে। র‌্যাপার ও সিঙ্গার ইয়াং ডিএসএ (হর্ষ বিজয় মাচারে) ক্যাপ্টেন্সি টাস্ক জিতে এই মুকুট পরেছেন। তবে ঘরে নতুন নেতা আসতেই পাওয়ার ডাইনামিক্স বদলে গেছে। ক্যাপ্টেন্সি পেতেই ইয়াং ডিএসএর সঙ্গে কণিকা মানের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। ওয়াশরুম ব্যবহার নিয়ে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, যেখানে কণিকা সাফ জানিয়ে দেন যে তিনি কাউকে রাজা মানেন না।

অন্যদিকে, ঘরের পরিবেশ মুহূর্তে আবেগঘন হয়ে ওঠে যখন বিগ বস সমস্ত প্রতিযোগীদের জন্য একটি বিশেষ রিল প্রদর্শন করেন। ১৯ বছরের জার্নির এই ফ্ল্যাশব্যাকে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা এবং শেহনাজ গিলের (সিডনাজ) মিষ্টি মুহূর্তগুলি ভেসে ওঠে। পর্দায় সিডনাজকে দেখে আম্রপালি দুবে থেকে শুরু করে উপস্থিত সমস্ত প্রতিযোগীরা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং অনেকের চোখেই জল চলে আসে।

ঝগড়া, রোমান্স এবং মজার খুনসুটির মধ্য দিয়ে এগিয়ে চলা বিগ বস ২০ প্রতিদিন রাত ১০:৩০ টায় কালার্স এবং রাত ৯:০টায় জিও হটস্টারে সম্প্রচারিত হচ্ছে।