ভারতের কূটনীতির জয়! পারস্য উপসাগরে রণদামামার মাঝেই ‘সেফ প্যাসেজ’ পাচ্ছে ভারতীয় জাহাজ

পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনার আবহে যখন বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মেঘ ঘনীভূত, ঠিক তখনই আন্তর্জাতিক কূটনীতিতে বড় সাফল্য পেল ভারত। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্তব্ধ হয়ে গেলেও, ভারতের দুটি এলপিজি (LPG) ট্যাঙ্কারকে বিশেষ ছাড় দিচ্ছে ইরান। রয়টার্স ও শিপিং ডেটা অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই রুট দিয়ে কোনও অপরিশোধিত তেলের জাহাজ পার হতে না পারলেও, ভারতীয় পতাকাবাহী ‘পাইন গ্যাস’ এবং ‘জাগ বসন্ত’ শীঘ্রই ভারতের উদ্দেশ্যে রওনা হতে পারে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস এই হরমুজ প্রণালী দিয়েই যাতায়াত করে। ইরানের কঠোর অবস্থানের কারণে বর্তমানে শতাধিক বিদেশি জাহাজ সমুদ্রে নোঙর করে অপেক্ষা করছে। তবে সংযুক্ত আরব আমিরশাহির শারজা উপকূলের কাছে অবস্থানরত ভারতীয় এই দুই ট্যাঙ্কারকে বিশেষ অনুমতি দিয়েছে তেহরান। গত সপ্তাহেও ভারত দু’টি জাহাজ নিরাপদে পার করতে সক্ষম হয়েছিল। যদিও ভারত পেট্রোলিয়াম বা ইন্ডিয়ান অয়েল এই নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করেনি, তবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে থাকা ভারতের ২২টি জাহাজের নিরাপদ যাতায়াতই দিল্লির অগ্রাধিকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও বিশ্বনেতাদের সঙ্গে এই বিষয়ে সরাসরি যোগাযোগ রাখছেন। সংঘাতের আবহে ভারতের এই ‘বিশেষ ছাড়’ বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাবেরই ইঙ্গিত দিচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy