আলুর ন্যায্য দাম না মেলায় যখন হাহাকার চারিদিকে, ঠিক তখনই বাঁকুড়ার কোতুলপুরে হিমঘর কর্তৃপক্ষের এক তুঘলকি সিদ্ধান্তে ছড়াল চরম উত্তেজনা। ৫ হাজার বস্তা আলু রাখার জায়গা খালি থাকা সত্ত্বেও হিমঘর বন্ধের ঘোষণা করায় মঙ্গলবার সকালে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। প্রতিবাদে বিষ্ণুপুর-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কয়েকশো ক্ষুব্ধ চাষি।
আসল ঘটনাটি কী?
কোতুলপুর ব্লকের একটি বেসরকারি হিমঘর কর্তৃপক্ষ হঠাৎই জানিয়ে দেয়, তারা আর নতুন করে আলু নেবে না। চাষিদের অভিযোগ, সাধারণ কৃষকদের ফিরিয়ে দিয়ে মজুতদার ও বড় ব্যবসায়ীদের আলু রাখার সুযোগ করে দিতেই এই টালবাহানা। খোলা বাজারে দাম কম থাকায় চাষিরা চাইছেন আলু হিমঘরে রেখে পরে বিক্রি করতে, কিন্তু কর্তৃপক্ষের এই ‘পক্ষপাতিত্বে’ তাদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাচ্ছিল।
পুলিশের মধ্যস্থতা ও সমাধান:
পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ। দীর্ঘক্ষণ আলোচনার পর পুলিশের কড়া নির্দেশে পিছু হটতে বাধ্য হয় হিমঘর কর্তৃপক্ষ। জানানো হয়, যতক্ষণ না ৫ হাজার বস্তার খালি জায়গা পূর্ণ হচ্ছে, ততক্ষণ চাষিদের কাছ থেকে আলু নিতে হবে। হিমঘর প্রতিনিধি কুমারেশ চক্রবর্তী জানান, ঝামেলার আশঙ্কায় তাঁরা সাময়িকভাবে বন্ধের ডাক দিয়েছিলেন, তবে এখন ৫ হাজার বস্তা আলু নেওয়া হবে। পুলিশের এই আশ্বাসে কয়েক ঘণ্টা পর অবরোধ ওঠে এবং যান চলাচল স্বাভাবিক হয়।