প্রার্থী বাছাইয়ে পুরনোদের ওপরই ভরসা বিজেপির! ১৫০ আসনের নাম চূড়ান্ত করলেন মোদী-শাহ

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি তুঙ্গে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে আয়োজিত বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে রাজ্যের ১৫০টিরও বেশি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে পদ্মশিবির। বিশেষ সূত্রে খবর, বর্তমান বিধায়কদের প্রায় ৮৭ থেকে ৮৮ শতাংশকেই দল পুনরায় টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মূলত দলের জেতা আসন এবং সম্ভাবনাময় এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যে ১০ থেকে ১২ শতাংশ বিধায়কের নাম তালিকায় নেই, তাঁরা মূলত শারীরিক অসুস্থতা বা বয়সের কারণে নিজেই লড়াই থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তবে কলকাতা ও পার্শ্ববর্তী শহরতলির আসনগুলোর ক্ষেত্রে দল খানিকটা ভিন্ন পথে হাঁটছে। সেখানে শুধু দলীয় পরিচিতি নয়, বরং স্থানীয় স্তরে উজ্জ্বল ভাবমূর্তি সম্পন্ন বিশিষ্টজনদের প্রার্থী করার ওপর জোর দেওয়া হচ্ছে।

এদিকে, দিল্লি থেকে ফিরে রাজ্য বিজেপির নেতৃত্ব প্রার্থী তালিকা নিয়ে ধোঁয়াশা না রাখলেও, সূত্রের দাবি প্রথম দফার ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই সরকারিভাবে নাম প্রকাশ করা হবে। অন্যদিকে, ১৬ মার্চ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা জোরাল হচ্ছে। নির্বাচন কমিশনের ইঙ্গিত অনুযায়ী, ভোট এবার অল্প কয়েকটি দফায়—সম্ভবত এক থেকে তিন দফায় সম্পন্ন হতে পারে। সব মিলিয়ে, নির্বাচনের দিন ঘোষণার দোরগোড়ায় দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলোর এই প্রস্তুতি এখন রাজ্য রাজনীতির মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy